ঢাকা ও খুলনায় ক্রসফায়ারে সন্ত্রাসী ও চরমপন্থি নিহত
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বুধবারের হাটের কাছে পুলিশের ক্রসফায়ারে এক সন্ত্রাসী এবং খুলনার দৌলতপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ক্রসফায়ারে এক চরমপন্থি কমান্ডার নিহত হয়েছে।
খিলগাঁও পুলিশ জানায়, রোববার রাতে ইলিয়াস ওরফে টেপা ইলিয়াস ওরফে ইমরানকে (৩০) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
পরে তার স্বীকারোক্তি অনুসারে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতারের উদ্দেশে ডিবি পুলিশের একটি দল রাতে ইলিয়াসকে নিয়ে মেরাদিয়া বুধবারের হাটের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে।
এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির মাঝে ইলিয়াস পালাতে চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনার দৌলতপুরে সোমবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ক্রসফায়ারে এক চরমপন্থি কমান্ডার নিহত হয়েছে।
নিহত চরমপন্থি কমান্ডারের নাম আসাদুজ্জামান বাবু। তার বাড়ি শরীয়তপুর জেলার ভেদোরগঞ্জ উপজেলার মলুয়া গ্রামে। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার ছিল।
র্যাব জানায়, শুক্রবারে র্যাবের একটি দল কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ট সহযোগী বাবুকে ঢাকার উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তারের পর খুলনায় র্যাবের কাছে হস্তান্তর করে।
জিজ্ঞাসাবাদে বাবুর দেওয়া তথ্য অনুসরে র্যাব-৬-এর একটি দল তাকে নিয়ে দৌলতপুর এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়।
র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে আগে থেকে ওঁত পেতে থাকা তার সহযোগীরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় পালাতে গিয়ে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই বাবু নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। বাবুর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।
