ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ উপেক্ষা করে খুলনায় ১৩২ কেভি বিদ্যুৎ লাইনের টাওয়ার নির্মাণ
ক্ষতিপূরণ প্রদানের সরকারি নির্দেশ উপেক্ষা করে খুলনায় ১৩২ কেভি বিদ্যুৎ লাইনের টাওয়ার নির্মাণের কাজ অব্যাহত থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠছে ক্ষতিগ্রস্তরা।
সূত্র জানায়, গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিক থেকে পাবলা পর্যন্ত ১৩২ কেভি বিদ্যুৎ লাইনের কাজ শুরু হয়।
সুষ্ঠুভাবে এ কাজ সম্পন্ন করার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের জন্য জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়।
এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড কর্তৃক নির্মাণ প্রকল্পের অধীনে খুলনা জেলার ডুমুরিয়া, খালিশপুর, বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া, ঠিকাদারবৃন্দ, কৃষ্ণনগর, মথুরাবাদ, চক আসানখালী, বিল পাবলা, রায়ের মহল ও গোয়ালখালী এলাকার ওপর দিয়ে লাইনটির সম্প্রসারণ কাজ চলবে।
যেসব এলাকার ওপর দিয়ে লাইন টানা হবে সেখানে যদি ফসল, ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভ^াবনা থাকে তবে প্রকল্প কর্তৃপক্ষ সরকার অনুমোদিত হারে জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
বিডিনিউজের সাথে আলাপকালে ক্ষতিগ্রস্তরা জানান, তারা এ পর্যন্ত কোন ক্ষতিপূরণ পাননি এবং কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা ছাড়াই কাজ শুরু করেছে।
জমির বাজার মূল্য নির্ধারণের জন্য কৃষি অধিদপ্তরের ওপর দায়িত্ব থাকলেও তারা কোনও চিঠি পাননি বলে জানা গেছে।
অপরদিকে প্রকল্প বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান ম্যাকহিল কনস্ট্রাকশন ফার্মের এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতিপূরণ পেয়েছে কি না জানি না।
তিনি বলেন, কারও ঘরবাড়ি, ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে ক্ষতিপূরণ পাবে তবে জমির মালিকরা ক্ষতিপূরণ পাবে না।
তিনি আরও জানান, ইতিমধ্যে ২০টি টাওয়ারের মধ্যে সাতটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয় জনসাধারণের বাধার কারণে বাকিগুলো টাওয়ার নির্মাণ করা যাচ্ছে না। সে করণে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে।
