২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কের একটি পত্রিকা মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় প্রধানমন্ত্রীর নিন্দা

ডেনমার্কের একটি পত্রিকায় সম্প্রতি হযরত মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তথ্য বিবরণীতে জানানো হয়, প্রধানমন্ত্রী বলেছেন, ডেনমার্কের একটি পত্রিকায় সম্প্রতি মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর কল্পিত ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বের মুসলমান জনমানুষ ও তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। অন্যান্য ধর্মীবলম্বী মানুষও এতে মর্মাহত হয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি আমার নিজের, দলের, জোট সরকারের এবং বাংলাদেশের ধর্মানুরাগী জনগণের পক্ষ থেকে এই চরম ধৃষ্টতাপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন, বিদ্বেষপ্রসূত এবং সংকীর্ণ সাম্প্রদায়িক অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছি।’’

তিনি বলেন, আমরা অবাধে মতপ্রকাশ, চিন্তুা ও সংবাদপত্রের স্বাধীনতায় দৃঢ় আস্থাশীল কিন্তু এই স্বাধীনতা যাতে কারো অনুভূতি, বিশ্বাস, মর্যাদা, বৈধ অধিকার এবং সুনাম ক্ষুন্ন না করে সে বিষয়ে সচেতন থাকাটাই দায়িত্বশীলতা হিসেবে বিবেচিত হয়। মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে স্বাধীনতা ও দায়িত্বশীলতার সেই সীমানা লঙ্ঘিত হয়েছে বলে আমার বিশ্বাস।

‘‘শান্তি ও মৈত্রী অটুট রাখার ক্ষেত্রে বর্তমান বিশ্ব যে নাজুক পরিস্থিতি অতিক্রম করছে সে মুহূর্তে এ ধরনের প্রচারণা খুবই অনাকাক্সিক্ষত ও দুঃখজনক এবং তা পরিস্থিতির অবনতিতেই সহায়তা করবে। আর তাই আমরা ঘটনাটির জন্য অবিলম্বে যথাযথ পর্যায় থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা আশা করি’’।

প্রধানমন্ত্রী বলেন, এ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের প্রতি আমরা সহানুভূতিশীল। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে কোথাও শান্তি, সম্প্রীতি ও স্বস্তিবিনাশী কোন অপতৎপরতাকে আমরা সমর্থন করি না।

তিনি বলেন, ‘‘বাংলাদেশের জনগণকেও আমি এই পরিস্থিতিতে আমাদের ঐতিহ্য অনুযায়ী দেশের সুনাম ও জাতীয় ভাবমর্যাদা সমুন্নত রাখতে সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।