২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র হাকিম চত্বরে পার্সিয়ান স্টাডিজ বিভাগের নির্মাণকাজ শুরু হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ - ইরান সেন্টার ফর পার্সিয়ান স্টাডিজ বিভাগের চারতলা ভবনের নির্মাণকাজ কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে শুরু হতে যাচ্ছে। শহীদ ডা. মিলন স্মৃতি স্তম্ভের পেছনের এই স্থানটি হাকিম চত্বর হিসেবে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জান্নাতুল ফেরদাউস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 03:57 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

দু’বার স্থান পরিবর্তন হয়ে তৃতীয়বার প্রায় ১১ বছর পর কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে কেন্দ্রটি নির্মিত হচ্ছে।

ফার্সি ও উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজকে বলেন, ১৯৯৫ সালে ইরানের তৎকালীন রাষ্ট্রপতি আকবর হাশেমী রাফসানজানি ঢাবি ফার্সি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তৎকালীন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে ওই জায়গা ফার্সি ভবনের জন্য বরাদ্দ দিয়েছিলেন।

পরবর্তীতে এই জায়গায় ফার্সি ভবনের স্থলে মোকাররম হোসেন ভবন এবং কম্পিউটার সায়েন্স ভবন স্থাপন করা হয়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই জায়গায় ফার্সি ভবন নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

পরবর্তীতে ১৯৯৯ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী সিন্ডিকেট, সাইট সিলেকশন কমিটি, পরিবেশ কমিটির মাধ্যমে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ওই ভবনের জন্য বরাদ্দ দেন।

কিন্তু আবারও স্থান বরাদ্দ হওয়া সত্ত্বেও নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ভবন নির্মাণ কাজ বন্ধ ছিলো।

২০০১ সালে নতুন উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী সিন্ডিকেটে ১৯৯৯ সালের নেওয়া সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নীতিগত সিদ্ধান্ত নেন। তিনি ইরান দূতাবাসে ভবন নির্মানের কাজ শুরুর জন্য চিঠি দেন।

২০০২ সালের ১৫ ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড.সাইয়্যেদ কামাল খাররাজী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও ডাকসুর পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফার্সি ভবন নির্মান কাজ শুরুর জন্য গাছ কাটা হয়। তখন বিভিন্ন ছাত্র সংগঠন পরিবেশ নষ্টের কথা বলে এ স্থানে ভবন নির্মান কাজে বাধা দেয়।

২০০২ সালে উপাচার্য অধ্যাপক ড.এসএমএ ফায়েজ সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে ও হাকিম চত্বরের পেছনের জায়গায় ফার্সি ভবনের জন্য জায়গা বরাদ্দ দেন। ২০০৩ সালে ইরানের রাষ্ট্রদূত বেহেশতী মুন ফারে ও উপাচার্য অধ্যাপক ড.এসএমএ ফায়েজ ওই জায়গা পরিদর্শন করেন।

এ স্থানে কাজ শুরুর জন্য ছয় মাস আগে সয়েল টেস্ট করা হয়।

অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান বিডিনিউজকে বলেন, অতি শীঘ্রই ভবন নির্মাণ কাজ শুরু হতে পারে বলে ইরান দূতাবাস থেকে বলা হয়েছে।

মূলত দু’দেশের সংস্কৃতি বিনিময় ও ফার্সি সংস্কৃতির অতীত ঐতিহ্যের পুনর্জাগরণের জন্য এ ভবন নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছেন অধ্যাপক সাইফুল ইসলাম খান।

তিনি বলেন, ১২০৪ থেকে ১৮৩৮ হিজরী পর্যন্ত প্রায় সাড়ে ছয়শ বছর ফার্সি ছিলো এদেশের রাষ্ট্রভাষা। সমৃদ্ধ এ ভাষার পুনর্জাগরণের জন্য শীঘ্রই এ ভবন নির্মাণ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন।

তিনি বলেন, এর সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নেই।

তিনি জানান, আনুমানিক ৮,০০০ বর্গ ফুট জায়গায় চারতলা বিশিষ্ট এ ভবন হবে সবচেয়ে দর্শনীয় স্থান।

ইরান দূতাবাসের পুরোপুরি আর্থিক তত্ত্বাবধানে এ ভবন নির্মান করা হবে। এ ভবনে থাকবে ফার্সি বিভাগ, ল্যাংগুয়েজ ল্যাবরেটরী, অত্যাধুনিক প্রযুক্তিসহ নিজস্ব গ্রন্থাগার।