২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আকাশ রেল স্থাপনে মার্কিন কোম্পানির আগ্রহ

একটি মার্কিন কোম্পানি মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরে আকাশ রেল ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ট্রান্সপোর্ট সিস্টেম কর্পোরেশন (এটিএসসি)-এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটি দলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’-এর সময় আকাশ রেল ব্যবস্থা স্থাপনের ব্যাপারে বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে যোগযোগ মন্ত্রণালয় ও ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উভয়ই নীতিগতভাবে প্রস্তাবটির প্রতি আগ্রহ ব্যক্ত করেছে।

সফররত এটিএসসি’র উচ্চ পদস্থ কর্মকর্তারা মঙ্গলবার পৃথকভাবে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও ডিসিসি’র মেয়র সাদেক হোসেন খোকা এমপি’র সাথে বৈঠক করেছেন।

এটিএসসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান নরবার্ট ভন বু এবং বোম্বারডিয়ার ট্রান্সপোর্টেশনের চেয়ারম্যান জন গোডার্ড যোগাযোগ মন্ত্রী ও ঢাকা সিটি মেয়রের সাথে বৈঠকে অংশ নেন।

নগর ভবনে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে মেয়র খোকা সাংবাদিকদের বলেন, রাজধানীর জন্যে প্রয়োজনীয় এ ধরনের পরিবহন ব্যবস্থার প্রস্তাবে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। কিন্তু একক বৈঠক দিয়ে এ ধরনের একটি প্রকল্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

মেয়র বলেন, প্রকল্পটি সম্পর্কে ধারনা ও কাগজপত্র সরবরাহ করতে আমরা বিদেশি কোম্পানিটির প্রতি আহ্বান জানিয়েছি। এর সাথে জড়িত সম্ভাব্যতা যাচাই জরিপ, স্থাপন খরচ, সরকারের নীতি, যাত্রী ভাড়া, স্টেশন, প্রকল্পের সময় এবং কর্মনীতির ব্যাপারে এখনও কোনও আলোচনা হয়নি।

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, রাজধানীবাসীর স্বচ্ছন্দে চলাচল ও ভবিষত্যের চাহিদা পূরণ করতে বর্তমান পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত নয়। আমাদের পাতাল ও আকাশ উভয় পরিবহন ব্যবস্থা প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে এটিএসসি চেয়ারম্যান নরবার্ট ভন বুড বলেন, গাজীপুর থেকে সদরঘাট এবং সাভার থেকে নারায়ণগঞ্জের মধ্যে ৮০ কিলোমিটার দৈর্ঘ্যরে আকাশ রেলপথ নির্মানের জন্যে ৮০ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে।

ডিসিসি মেয়রের সাথে বৈঠকের পর পরই এটিএসসি কর্মকর্তারা যোগাযোগ মন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বিশ্বব্যাংকের অর্থায়নে চলতি ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (ডিইউটিপি) ব্যাপারে তথ্য সংগ্রহ করতে এটিএসসি’র কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

যোগাযোগ মন্ত্রীর সাথে বৈঠককালে এটিএসসি কর্মকর্তারা মন্ত্রীকে জানান, প্রকল্পটি বাস্তবায়ন করতে তাদের অনুমতি দেওয়া হলে তারা আকাশ রেলপথ ব্যবস্থা বাণিজ্যিকভাবে ২০ থেকে ২৫ বছরের জন্যে পরিচালনা করবে। এরপর এটির দায়-দায়িত্ব বাংলাদেশ সরকারের কাছে অর্পণ করা হবে।

এটিএসসি কর্মকর্তারা আরো বলেন, চট্টগ্রাম ও বাংলাদেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা কোম্পানির রয়েছে।