২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভারতীয় দূতাবাসে হামলার ছক করছে জেএমবি

ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) এর মহিলা প্রশিক্ষিত সুইসাইডাল স্কোয়াড বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলা চালানোর ছক করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মার্কিন ও ভারতের গুরুত্বপূর্ন দফতরগুলোতেও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। আর এই ছক বাস্তবায়নের গোটা বিষয়টি দেখভাল করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য, কলকাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি সুভাষচন্দ্র আবস্থির কাছে ক'’দিন আগে এমনই এক গুরুত্বর্পূন প্রতিবেদন দাখিল করেছে রাজ্যের গোয়েন্দা বিভাগ। ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা গোয়েন্দা সূত্রের উদ্বৃতি দিয়ে মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। গোয়েন্দা বিভাগের দেওয়া গোপন রিপোর্টের কথা উল্লেখ করে পত্রিকাটি বলেছে,  বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) সম্প্রতি একটি মহিলা শাখা তৈরি করেছে। ওই বাহিনী থেকেই একটি আত্মঘাতী গ্রুপ পৃথক করা হয়েছে। বাংলাদেশে অবস্থিত গুরুত্বপূর্ন ভারতীয় দফতরে হানা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তারা একইভাবে হামলা করার ছক করছে।

আনন্দবাজার বলছে, সাতক্ষীরা জেলার ছাঘারিয়ায় মহিলা কওমি মাদ্রাসায় গ্রুপটির প্রশিক্ষণের কাজ তদারকি করছে পাকিস্তানের আইএসআইয়ের কর্মকর্তা মেজর শোভান। আর এ ধরনের নাশকাতামূলক কর্মকাণ্ডের জন্যে যাবতীয় অর্থ সাহায্য করছে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আব্দুল খালেক। পশ্চিমবঙ্গের পতিতাপল্লী গুলোতে বহু যৌনকর্মীরা কাজ করছে। টাকার প্রলোভন দেখিয়ে তাদের একটি বড় অংশকে মহিলা স্কোয়াডে ব্যবহার করা হবে বলে গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন।

পত্রিকাটি বিএসএফের দেওয়া গোপন প্রতিবেদনের কথা তুলে ধরে বলেছে, সম্প্রতি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর থানার ডাঙাপাড়ায় আলিয়া মাদ্রাসায় জামা’আতুল মজাহিদীন এক গুরুত্বপূর্ণ বৈঠক করে। বৈঠকটিতে বাংলাদেশের ৭৫ জঙ্গি যোগ দেয়। ওই বৈঠকে বাংলাদেশের নাকশতা পরিকল্পনা ছাড়াও পশ্চিমবঙ্গে একাধিক গ্রুপকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের সভাপতি পাকিস্তানের নাগরিক মহম্মদ লগিম তাদেরকে দিকনিদের্শনা দিয়েছে।

মূলত এ কারণে রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ সীমান্তবর্তী নয়টি জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগগুলোর কর্মকর্তাদের সর্তক থাকার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ইসলামী জঙ্গি সংগঠনের সক্রিয় হওয়ার ব্যাপারে খোদ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও উদ্বিগ্ন। তিনিও একধিকবার এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছেন।