রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ বাংলাদেশীর ১১ জনের পরিচয় জানা গেছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ বাংলাদেশীর মধ্যে ১১ জনের পরিচয় সেখানকার বাংলাদেশের দূতাবাস সোমবার নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার ওই সড়ক দুর্ঘটনায় ১৫ বাংলাদেশী নিহত হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মিশন জানায়, সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-সিলেটের দোলারগাঁও গ্রামের লালু মিয়ার পুত্র নুর উদ্দিন, মুন্সীগঞ্জ জেলার বাউশিয়া গ্রামের সালাউদ্দিনের পুত্র আহমেদ, রংপুরের উত্তম হাজিরহাটের মোজাম্মেল হকের পুত্র মঞ্জুরুল হক, মাদারীপুর জেলার দোয়াসের গ্রামের কমিজ উদ্দিন হাওলাদের পুত্র হাবিবুর রহমান।
সিলেটের বোরো কাফোন গ্রামের রফিকুল হকের পুত্র জামাল আহমেদ, কুষ্টিয়ার মির্জা নগর গ্রামের আব্দুর রহমান মন্ডলের পুত্র তৌহিদুল ইসলাম, ফরিদপুর জেলার ভাঙ্গিডাঙ্গি গ্রামের শেখ আলী মাতবরের পুত্র আব্দুর রব, ফরিদপুর জেলার সাহেব নগর গ্রামের ফাফর বিশ্বাসের পুত্র শীলন বিশ্বাস, সিলেটের উমিরগাঁওয়ের রিজওয়ান করিমের পুত্র জমির উদ্দিন এবং সিলেটের দোলারগাঁও গ্রামের আদর আলীর পুত্র শেখ উদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে বাকিদের বিস্তারিত পরিচয় জানার ব্যাপারে মিশন চেষ্টা করছে।
ওই সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনের মধ্যে ১১ জনকে রিয়াদের আল ইমান হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়।
বাসে করে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসের চালকও ছিল একজন বাংলাদেশী।
