মেহেরপুরে হত্যা মামলায় রুস্তম বাহিনীর প্রধানসহ ৩ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ
মেহেরপুরে চাঞ্চল্যকর আতিয়ার হত্যার দায়ে রুস্তম বাহিনীর প্রধানসহ তিনজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো: আব্দুল হামিদ এ আদেশ দেন। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামীরা হল, রুস্তম বাহিনীর প্রধান রুস্তম, সন্ত্রাসী এনামুল হক এবং আব্দুর রহমান।
ঘটনার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ৯ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার সহগলপুর গ্রামের ইউনুসের বাড়িতে রুস্তম, রহমান ও এনামুল সশস্ত্র অবস্থায় হামলা চালায়। সে সময় আতিয়ারকে অপহরণ করে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হলে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয় এবং জেলা ও দায়রা জজ সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এই ফাঁসির আদেশ দেন।
