২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ২ পুলিশ কনস্টেবল হত্যা মামলার রায়ে ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

সাতক্ষীরায় চাঞ্চল্যকর দুই পুলিশ কনস্টেবল হত্যা মামলার রায়ে তিন আসামীকে ফাঁসি এবং অন্য চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ফাঁসির আদেশপ্রাপ্তরা হল- রায়হানুল ইসলাম খান, জাকির হোসেন ও আবেদ আলী এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হল- আব্দুস সোবহান, আবু সালেক, মো: শাহীন ও মিলন।

রোববার বেলা ১২টায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ওসমান হায়দার এই রায় ঘোষণা করেন। মামলার অপর দু’আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০০৩ সালের ৫ ফেব্রæয়ারি রাত ২টার দিকে ইটাগাছা পুলিশ ফাঁড়ির টহলরত তিন কনস্টেবলের ওপর একদল দুর্বৃত্ত ফাঁড়ি থেকে দু’শ গজ দূরে কালিগঞ্জ সড়কের ফটিক বাবুর বাড়ির সামনে হামলা চালায়। দুর্বৃত্তরা ছুরি দিয়ে তিন কনস্টেবলকে এলোপাথাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই কনস্টেবল (কং নং- ২২৩) মোতালেব এবং কনস্টেবল (কং নং- ৪৩৯) ফজলুল হকের মৃত্যু হয়। অপর কনস্টেবল আহাদ আলী ভাগ্যক্রমে বেঁচে গেলেও মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় তৎকালীন ওসি মল্লিক রুহুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন এবং মামলার তদন্তভার নিজের কাছে রাখেন। মামলায় ১২/১৪ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামী করা হয়।

মামলার দুই মাস ১৬ দিন পর তদন্তকারী কর্মকর্তা ১০জনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হলেন: রায়হানুল ইসলাম খান, জাকির হোসেন, আবেদ আলী, আব্দুস সোবহান, আবু সালেক, মো: শাহীন, মিলন, ছাত্তার আলী এবং বদরুজ্জামন মামুন।