বরিশাল বিস্ফোরণ: ১২টি মামলার মধ্যে ১টির চার্জ গঠন
বরিশালে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটনায় দায়েরকৃত ১২টি মামলার মধ্যে আদালত সোমবার একটি মামলার চার্জ গঠন করা হয়েছে।
বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাসির উদ্দিন মাহমুদ নয়জনকে অভিযুক্ত করে এই চার্জ গঠন করেন। এদের মধ্যে তিনজন পলাতক রয়েছে। ১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণে বরিশালের ১৮টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে কোতয়ালি থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ (৬) ধারায় মামলা দায়ের করেন।
নগরীর নতুন বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় এসআই আব্দুর রব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা আব্দুর রব আল ইকরাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জিয়াউর রহমান জিয়া, গোলাম মোর্শেদ চৌধুরী রেজা, জালাল আরেফিন, আবু সোলাইমান সুজন, জসিম, মারুফ, জাহিদ বাবু, ইউসুফ এবং সাইফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
ঘটনার পর থেকে জাহিদ বাবু, জিয়া এবং ইউসুফ পলাতক রয়েছে। ওপর ছয়জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বাকি ১১টি মামলার শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।
