২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি কাঠ ব্যবসা চালু ও বন সংরক্ষকের অপসারণসহ ৬ দফা দাবিতে সোমবার রাঙ্গামাটিতে হরতাল

পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক ড. সাইফ‚ল ইসলামের অপসারণ ও জ্বালানি কাঠের স্বাভাবিক পরিবহন চালুসহ ছয় দফা দাবিতে সোমবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সাধারণ কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

রোববার রাঙ্গামাটি সাধারণ কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সংগ্রাম কমিটির আহ্বায়ক অভয় প্রকাশ চাকমা ও সদস্য সচিব আনোয়ার খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন আইন অনুসারে কাঠ ব্যবসা চালু না করে ব্যবসা বন্ধ থাকায় এ অঞ্চলে আর্র্থিক দুরবস্থাসহ প্রত্যন্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২ জানুয়ারি ছয় দফা দাবিতে বন সংরক্ষকের কার্যালয় ঘেরাওয়ের মধ্যে দিয়ে আন্দোলনের সূচনা হয়।

সূত্র জানায়, এরই ধারাবাহিকতায় ৮ জানুয়ারি রাঙ্গামাটিতে হরতাল ডাকা হলে জেলা প্রশাসনের অনুরোধে আবার তা প্রত্যাহার করা হয়।

কিন্তু দাবির ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তিতে কোনো পদক্ষেপ না নেয়ায় ২৪ জানুয়ারি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি ও ৩০ জানুয়ারির মধ্যে তাদের দাবিদাওয়া বাস্তবায়নে আল্টিমেটাম দেওয়া হয়। এ প্রেক্ষাপটে সোমবারের হরতাল ডাকা হয়েছে।