২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে বাংলাদেশী শ্রমিকদের মানবেতর জীবনযাপন

কুয়েতের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ১৫০ জনের মতো বাংলাদেশী নারী শ্রমিক সেখানে মানবেতর জীবনযাপন করছে। যাওয়ার সময় তাদেরকে যে মজুরি দেওয়ার কথা বলা হয়েছিল তাই ছিল খুব কম। তার ওপর গত সাত মাস ধরে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

কুয়েত টাইমস’র একটি প্রতিবেদনে বলা হয়, তাদেরকে যথাযথ কাগজপত্র বা চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না।

ঝাড়–দাড় হিসেবে তিন বছরের চুক্তিতে এ নারী শ্রমিকরা কুয়েতে যায়।

কুয়েত টাইমস জানায়, ৫০০ শ্রমিক নিয়োগের জন্যে বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত কোম্পানি ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’র সাথে কুয়েতের ওই ক্লিনিং ফার্মের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এদের মধ্যে ১৫০ জনের একটি দল বছর খানেক আগে কুয়েতে আসে। এক্ষেত্রে কোম্পানিটি তাদেরকে বিমানের টিকিট বাবদ ১৪০ দিনার এবং ভিসা বাবদ ১০ দিনার প্রদান করে।

এ নারী শ্রমিকরা তিন মাসের শিক্ষণবীশ থাকার শর্তে ১১ মাসের চুক্তিতে কুয়েতে পাড়ি জমায়।

কুয়েতে বাংলাদেশী দূতাবাসের শ্রমিক ও কল্যাণ শাখার ফার্স্ট সেক্রেটারি শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, এক বছর অতিক্রম হওয়ার পর বাংলাদেশে ফিরে গিয়ে আবার দুই বছরের জন্যে কুয়েতে আসার সুযোগ রয়েছে।

তিনি বলেন, প্রথম বছর অতিক্রম হয়ে গেছে এবং এখন তাদের কারও কুয়েতের অবস্থানের বৈধ ভিসা, পরিচয়পত্র ও মেডিকেল ইনস্যুরেন্স নেই। চুক্তি অনুযায়ী এক বছর পর প্রত্যেক শ্রমিককে মেডিকেল ইনস্যুরেন্স, থাকার ব্যবস্থা ও মাসিক ৩৫ দিনার মজুরি এবং দেশে ফিরে যাওয়ার টিকিটের ব্যবস্থা করার দায়িত্ব তাদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের।

শাহরিয়ার কাদের সিদ্দিকী আরও বলেন, বাংলাদেশী এ নারী শ্রমিকরা আসার পর থেকে কোনও চিকিৎসা সুবিধা ও মজুরি না পেয়ে দারুণ কষ্টে দিনাতিপাত করছেন। এমনকি আসার পর প্রথমদিকে তাদের জন্যে চাকরির ব্যবস্থা পর্যন্ত করা হয়নি।