কর্ণফুলী নদীতে ফেরি ডুবিতে নিহত ১, নিখোঁজ ১২
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রোববার ভোরে ফেরি ডুবিতে একজন মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১২ নিখোঁজ রয়েছেন।
রোববার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর শুনে উদ্ধারকর্মীরা একজন মহিলার লাশ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সময় ফেরিতে থাকা ৩৫ জনের মধ্যে ২২ জন সাঁতরে নিরাপদে তীরে ফিরে আসে। বাকি ১২ এখনও নিখোঁজ রয়েছে।
ফেরিটি ফিরিঙ্গী বাজার থেকে পাথরঘাটায় যাচ্ছিল। এ সময় ফেরিতে থাকা নয়টি ট্রাকের আটটিই ছিল পাথর বোঝাই। প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরিঙ্গী বাজার ফেরি ঘাট থেকে আধা কিলোমিটার দূরে গিয়ে ফেরিটি হঠাৎ ডুবতে শুরু করে। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে ডুবতে থাকা ফেরিটি ওই স্থান থেকে আড়াই কিলোমিটার দূরে গিয়ে ডুবে যায়।
দমকল বাহিনীর আট সদস্যের একটি দল ভোর ৫টা থেকে উদ্ধার কাজ চালিয়ে ৩৫ বছর বয়সী এক মহিলার লাশ উদ্ধার করে। ডুবে যাওয়া ফেরিটি শাহ আমানত সেতু থেকে আড়াই কিলোমিটার দূরে নদীগর্ভে রয়েছে বলে সনাক্ত করা সম্ভব হলেও প্রবল স্রোতের কারণে ভেসে যাওয়া ট্রাকগুলোর অবস্থান চিহ্নিত করা যায়নি।
দমকল বাহিনীর ডিডি’র ধারণা, নিখোঁজ যাত্রীরা ডুবে যাওয়া ট্রাকগুলোতে আটকা পড়ে থাকতে পারে কিংবা প্রবল স্রোতের কারণে তারা ভেসেও যেতে পারে।
পুলিশ ফেরির চালক লুকমানকে আটক করেছে। তবে ফেরিতে কর্মরত সড়ক ও জনপথ বিভাগের বাকি ২৮ জন কর্মকর্তা কর্মচারি ঘটনার পরপরই পালিয়ে যায়।
এমনকি বিএনপি সমর্থক ফেরির লিজগ্রহীতা মালিকরা তাদের কার্যালয় বন্ধ করে আত্মগোপন করেছে।
নিখোঁজ একটি ট্রাকের চালক গোলাম সারওয়ার রোববার সকালে ঘটনার বিবরণ দিতে গিয়ে বিডিনিউজকে বলেন, ঘাট থেকে ছেড়ে যাওয়ার পরপরই ফেরিতে পানি উঠতে থাকে এবং এক পর্যায়ে ফেরিটি ডুবে যায়। আমরা চালককে ফেরির গতি কমাতে বললেও সে আমাদের কথায় কান দেয়নি।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অন্য একটি ট্রাকের সহকারী আনসার আলী জানায়, ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে পানি উঠে ফেরিটি উল্টে যায়।
আনসার আলী জানায়, অতিরিক্ত বোঝাই হওয়ার ফলেই ফেরিটি ডুবে যায়। প্রতিটি ট্রাকের ১০ টন বহন ক্ষমতা সত্তে¡ও ১৪ টন করে পাথর বোঝাই করা হয়েছিল।
অপর দুইজন ট্রাক চালকের সন্ধান পাওয়া যায়নি। তারা হলেন, ল²ীপুর জেলার নওশাদ এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জের দিলীপ সাহা। উদ্ধারকৃতরা জানায়, পাথর বোঝাই ট্রাকগুলো সিলেট থেকে আসছিল এবং পথে চকোরিয়ায় একটি দুর্ঘটনাও ঘটায়।
