কর্ণফুলি নদীতে ফেরি ডুবিতে নিহত ১, নিখোঁজ ৮
চট্টগ্রামের কর্ণফুলি নদীতে রোববার ফেরি ডুবিতে একজন মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় আরো আটজন নিখোঁজ রয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর শুনে উদ্ধারকর্মীরা একজন মহিলার লাশ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি। ফেরিতে দুর্ঘটনার সময় থাকা ৩৫ জনের মধ্যে ২৬ জন সাঁতরিয়ে নিরাপদে তীরে ফিরে আসে। বাকি আটজন এখনও নিখোঁজ রয়েছেন।
ফেরিটি ফিরিঙ্গিবাজার থেকে পাথরঘাটায় যাচ্ছিল। এসময় ফেরিতে থাকা নয়টি ট্রাকের আটটিই ছিল পাথর বোঝাই। প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরিঙ্গবাজার ফেরি ঘাট থেকে আধ কিলোমিটার দুরে গিয়ে ফেরিটি হঠাৎ ডুবতে শুরু করে। কিন্তু প্রচণ্ড বাতাস ডুবতে থাকা ফেরিটিকে দুর্ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দুরে নিয়ে যায়।
রোববার দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।
