২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণগ্রেপ্তারের কথা অস্বীকার করেছে সরকার, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি

সরকার শনিবার বিরোধী ১৪ দলের রাজধানী অভিমুখে লংমার্চে পুলিশের বাধা ও সারাদেশে বিরোধী নেতা কর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম বলেন, লংমার্চ যাতে ভালোভাবে শেষ হতে পারে সে জন্যে আইন শৃক্সখলারক্ষাকারী বাহিনী বিরোধী জোটের নেতা-কর্মীদেরকে সহযোগিতা করছে।

শুক্রবার এক প্রেস নোটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে কোন মহল নাশকতামূলক তৎপরতা পরিচালনার চেষ্টা করলে সরকার তা শক্ত হাতে প্রতিহত করবে।

সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তারা অভিযোগ করে বলেন, বিরোধী দলের উস্কানিমূলক বক্তব্য আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এর ফলে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানির মূল্যবৃদ্ধি ও জনগণের দুর্দশা বাড়তে পারে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, গণগ্রেপ্তারের কোন খবর আমাদের কাছে নেই। এ ব্যাপারে গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে তা সত্য নয়।

এ ব্যাপারে আইজিপির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু লোককে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারকৃতদের প্রকৃত সংখ্যা তিনি জানাতে পারেননি।

লংমার্চে অংশগ্রহণকারীরা যেন রাজধানীতে পৌঁছাতে না পারে সেজন্যে দেশের বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হলে আইজিপি তা অস্বীকার করে বলেন, ওই ধরনের কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি বলেন, রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব ও আইজিপি উভয়ই বলেছেন, বিরোধী দলগুলোর লংমার্চ যাতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হতে পারে সেজন্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এস এম মিজানুর রহমান গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং যানবাহন ও জন চলাচল নিয়ন্ত্রণসহ অন্যান্য ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

অপরদিকে বিরোধী জোট অভিযোগ করে বলেছে, পুলিশ বাহিনীকে ব্যবহার করে সরকার লংমার্চ ব্যর্থ করার চেষ্টা করছে।

এদিকে সূত্র জানায়, সারাদেশে অভিযান চালিয়ে আইন শৃক্সখলারক্ষাকারী বাহিনী কয়েক হাজার লোককে গ্রেপ্তার করেছে।

ডিএমপি কমিশনার রহমান বিডিনিউজকে বলেন, নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন ছাড়াও রাজধানীর বাইরে থেকে অতিরিক্ত বাহিনী ঢাকায় ডেকে পাঠানো হয়েছে।

সূত্র জানিয়েছে, নাশতকতামূলক তৎপরতা চালাতে বিরোধী জোটের কর্মীরা যাতে করে কোন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বহন করতে না পারে সে কারণে তাদেরকে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে তল্লাশী করা হবে।