গ্লোবাল ভিলেজে টিকে থাকতে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতার বিকল্প নেই, জাবি’র ৩য় সমাবর্তনে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, তথ্যপ্রযুক্তির বিকাশে সারা বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এখানে টিকে থাকতে দক্ষতার বিকল্প নেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৃহস্পতিবার তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন।
জাবি আচার্য বলেন, বিশ্ব প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে ও কাক্সিখত লক্ষ্যে পৌঁছাতে আমাদেরকে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। এ মান অর্জনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি বলেন, কিছু লোক বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে, আবার অন্যরা হন বঞ্চিত। চিন্তা-চেতনার বিকাশ না ঘটালে পুঁথিগত বিদ্যা হয়ে পড়ে সনদসর্বস্ব।
তিনি বলেন, সমাবর্তন আক্ষরিক অর্থে একটি প্রতিষ্ঠানের শিক্ষার সমাপ্তি ঘটালেও প্রকৃতপক্ষে এটি বৃহৎ শিক্ষার দ্বার উন্মোচন করে।
জাবি’র কেন্দ্রীয় খেলার মাঠে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক ও উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বক্তব্য রাখেন।
সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ‘সমাবর্তন বক্তব্য’ প্রদান করেন।
মোস্তফা কামাল বলেন, শিক্ষাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসন দেয়া, তা সে ধর্ম শিক্ষাই হোক আর বিজ্ঞান শিক্ষাই হোক, এক ধরনের ফ্যাসিস্ট মনোবৃত্তি ছাড়া আর কিছুই নয়। এ ধরনের শিক্ষার সাথে মুক্তচিন্তার কোন সম্পর্ক নেই। আছে মুক্তচিন্তার দোহাই দিয়ে অপচিন্তার অস্থির বহিঃপ্রকাশ।
সমাবর্তনে মোট ২,৮০০ জন স্নাত্তকোত্তর ও স্নাতক শিক্ষার্থী ৪,৩৫০টি সনদ গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে প্রশংসনীয় ফলাফল অর্জনের জন্যে ১০ জন শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণ পদক দেওয়া হয়।
স্বর্ণ পদকপ্রাপ্তরা হলেন- আরিফা সুলতানা, মোঃ কোরবান আলী, ইসমত আরা, ফয়সাল রাব্বী, মাসুদ আলম, মোহাম্মদ আল রহিম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ ফজলুল হক ভূঁইয়া এবং মোহাম্মদ মামুন কবীর।
সমাবর্তন উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবর্তনে প্রায় ৫৪ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
