সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১৩ বাংলাদেশী নিহত, আহত ১৪
সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জন বাংলাদেশী নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে।
“আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর,” পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি: প্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক বিডিনিউজকে এ তথ্য জানান।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) ইকরামুল হকের বরাত দিয়ে জহিরুল হক আরও জানান, আহতদের মধ্যে ১১ জনকে রিয়াদের আল ইমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“গুরুতর আহত তিনজনের অপারেশন চলছে,” জহিরুল হক জানান।
আহতদের মধ্যে অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনার বিস্তারিত তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
রাষ্ট্রদূত ইকরামুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, হতাহতদের সবাই নির্মাণ শ্রমিক। বাসে করে কর্মস্থলে যাওয়ার সময় সকালে তারা এই দুর্ঘটনায় পড়ে। দূর্ঘটনা কবলিত বাসটির চালকও বাংলাদেশী।
