ব্রিটেনের রেস্টুরেন্ট মালিকরা খুব শিগগিরই বাংলাদেশ থেকে ১০ হাজারের বেশি শ্রমিক নিতে যাচ্ছে
রেস্টুরেন্টগুলোতে শ্রমিক সংকট অবসানে যুক্তরাজ্যে ভারতীয় মালিকানাধীন রেস্টুরেন্টগুলো বাংলাদেশ থেকে দীর্ঘমেয়াদে ১০ হাজারেরও বেশি দক্ষ, স্বল্পদক্ষ এবং অদক্ষ শ্রমিক নিতে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের পাশাপাশি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) নেতৃবৃন্দ ২০০৩ সালে ব্রিটিশ সরকার গৃহীত খাতভিত্তিক স্কিমের (সেক্টর--বেজড স্কিম বা এসবিএস) মত বিকল্প স্কিম গ্রহণ করতে উচ্চপদস্থ ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের কাছে তদবির করছে এবং এ লক্ষ্যে প্রচারাভিযানও চালিয়ে যাচ্ছে।
বিসিএ ও বাংলাদেশ হাই কমিশন এমন একটি সময়ে সংকটের অবসান ঘটাতে আহ্বান জানিয়েছে, যখন ব্রিটিশ সরকার রাজনৈতিক আশ্রয় ও অভিবাসনের ক্ষেত্রে পাঁচ বছরের কৌশল ঘোষণার পরিকল্পনা করছে। অভিবাসনের ক্ষেত্রে পয়েন্টভিত্তিক ব্যবস্থা ওই কৌশলে অন্তর্ভূক্ত থাকবে বলে জানা গেছে।
এ ব্যাপারে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র মামফোর্ড নাথানিয়েল বিডিনিউজকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে কম দক্ষ শ্রমিকের অভিবাসন উল্লেখযোগ্যহারে বন্ধ করার বিষয়টি নতুন কৌশলে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে পূর্ব ইউরোপ থেকে অদক্ষ শ্রমিক ভাড়া করা হলে ভারতীয় রেস্টুরেন্টগুলোতে ভাষাগত সমস্যার কারণে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশংকায় বিসিএ ও বাংলাদেশ হাই কমিশন একটি বিকল্প স্কিম গ্রহণ করার জন্যে তাদের কাজের গতি বাড়িয়ে দেয়।
একজন রেস্টুরেন্ট কর্মচারি বিডিনিউজকে জানান, রেস্টুরেন্টগুলোর কিচেনের অধিকাংশ কর্মচারি ইংরেজিতে কথা বলতে পারেন না। তারা সিলেটি অথবা বাংলা ভাষায় কথা বলেন।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বিডিনিউজকে বলেন, বাংলাদেশ থেকে কমপক্ষে তিন বছরের জন্যে দক্ষ, স্বল্পদক্ষ ও অদক্ষ শ্রমিক আনার জন্যে আমরা ব্রিটিশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে তদবির চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, তার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ ব্যাপারে ওয়ার্ক পারমিট, অভিবাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, একমুখী পাসপোর্ট ব্যবস্থা চালু করতে আমরা তাদের প্রস্তাব দিয়েছি। এ পাসপোর্ট যুক্তরাজ্যে আসতে আগ্রহী একজন শ্রমিকের জন্যে ইস্যু করা যাবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে যাবে।
বিসিএ’র দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজি করানোর জন্যে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন বেশ সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ হাই কমিশনার সাবিহউদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন, আমরা ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ রাখছি এবং বিসিএ’র দাবি পূরণের জন্যে কাজও করে যাচ্ছি।
ইমিগ্রেশন অ্যাডভাইজরি সার্ভিসের (আইএএস) প্রধান নির্বাহী কিথ বেস্ট স¤প্রতি জানান, এর আগে ব্রিটিশ সরকার এসবিএস নামের একটি পাইলট প্রকল্পের আওতায় এক বছরের জন্যে ব্রিটেনের রেস্টুরেন্টে শ্রমিক আনার অনুমতি দেওয়া হতো। কিন্তু প্রকল্পটির অপব্যবহারের মাত্রা এত বেশি ছিল যে, সরকার অবশেষে প্রকল্পটি বন্ধ করে দেয়।
রেস্টুরেন্ট শিল্প সূত্রে জানা যায়, রেস্টুরেন্ট মালিকরা ও অভিবাসন আইনজীবীরা এসবিএস প্রকল্পটির অপব্যবহার করে ব্রিটেনে এমন লোক এনেছে যারা প্রকৃতপক্ষে কোনও রেস্টুরেন্টে কাজ করতো না। এ কারণেই ব্রিটিশ সরকার প্রকল্পটি বন্ধ করে দেয়।
আশরাফউদ্দিন বলেন, এসবিএস প্রকল্পটি ছিল বিসিএ’র একটি প্রচেষ্টার সুফল।
তবে প্রকল্পটির শর্ত নিয়েও তার আপত্তি রয়েছে।
এ ব্যাপারে তিনি বলেন, ব্রিটেনে এক বছর কাজ করে বাংলাদেশে ফিরে যাওয়া কোন ব্যক্তির জন্যে কিংবা কোন রেস্টুরেন্টের জন্যেও ভালো খবর নয়।
লন্ডনের নটিং হিলের মধুবন রেস্টুরেন্টে বসে আশরাফউদ্দিন বিডিনিউজকে বলেন, ব্রিটেনে বাংলাদেশী মালিকানাধীন ১২,০০০ রেস্টুরেন্ট ও টেক অ্যাওয়ের প্রতিটির জন্যে কমপক্ষে একজন করে কিচেন শ্রমিক দরকার।
বিসিএ’র অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনের ১২,০০০ বাংলাদেশী রেস্টুরেন্টে ৮৫,০০০ কর্মচারি কাজ করে। এ থেকে আয় হয় বছরে আড়াই বিলিয়ন পাউন্ড। আর ব্রিটিশ সরকারকে তারা ৩০০ মিলিয়ন পাউন্ড ভ্যাট দিয়ে থাকে।
