বিমানের ব্রাসেলসে গ্রাউন্ডেড ডিসি - ১০ উড়বে কবে?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডিসি - ১০ উড়োজাহাজ যান্ত্রিক ত্রæটির কারণে পাঁচদিন ধরে ব্রাসেলসে বসে আছে (গ্রাউন্ডেড)।
বিমানের আন্তর্জাতিক রুটের ওই যাত্রীবাহি ফ্লাইটটি কবে নাগাদ সচল হবে, সংশ্লিষ্টরা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না।
এদিকে উড়োজাহাজ সংকটের ফলে বিমানের আন্তর্জাতিক রুটের ফ্লাইট শিডিউলে বিঘ্ন ঘটায় যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, ঢাকা - ব্রাসেলস - নিউ ইয়র্ক রুটের ওই ডিসি - ১০ টি ২৪০ জন যাত্রী নিয়ে গত ২৯ জানুয়ারি রওনা দেয়। ব্রাসেলসের পথে এর একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে উড়োজাহাজটি সেখানেই গ্রাউন্ডেড করা হয়।
তিনি জানান, ব্রাসেলসে আটকা পড়া ওই ফ্লাইটটির যাত্রীদের বুধবার রাতের মধ্যেই অন্য এয়ারলাইন্সের করে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।
এছাড়া বিমানের প্রকৌশলীরা বুধবার রাতে ব্রাসেলসে পৌঁছান। ওই রাত থেকেই তারা ডিসি - ১০ টিকে সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পার্শ্ববর্তী আমস্টার্ডাম থেকে ডিসি - ১০ এর একটি বাড়তি ইঞ্জিন আনা হচ্ছে।
গ্রাউন্ডেড ডিসি - ১০ ছাড়াও বিমানের উড়োজাহাজ বহরে এখন আরো চারটি ডিসি - ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ - ২৮ রয়েছে। বিমান তিনটি মহাদেশের ২৬ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। গত এক দশকে বিমানের রুট ও উড়োজাহাজের সংখ্যা বাড়েনি।
