কানসাট হত্যাকাণ্ডের ৮ দিন পর সচল হলো সোনামসজিদ স্থলবন্দর
সরকারকে একমাসের আল্টিমেটাম দিয়ে হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় টানা আটদিন পর উত্তরাঞ্চলের বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ সচল হয়েছে।
এর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের উত্তাল পরিস্থিতির উন্নতি ঘটল। গ্রেপ্তারকৃত পল্লী বিদ্যুৎ উন্নয়ন কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানীসহ নয়জনকে মঙ্গলবার বিকেলে জামিনে মুক্তি দেওয়ার পর কানসাট পরিস্থিতির পরিবর্তন হয়।
রাব্বানীর মুক্তির পর শহরের সব ব্যারিকেড অপসারিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে যান চলাচল আবারো শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার ভারত থেকে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে এসেছে।
এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কানসাটে যাবার পথে গোলাম রাব্বানীকে নজিরবিহীন সংবর্ধনা দিয়েছে কানসাটের হাজার হাজার মানুষ। মঙ্গলবার ৬টায় গোলাম রাব্বানীসহ অন্যান্যরা জামিনে মুক্তি পেয়ে মোটরসাইকেলযোগে কানসাটের উদ্দেশ্যে যাবার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়।
জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার রাতেই কানসাট গোপালনগর মোড়ে হাজার হাজার মানুষের মাঝে এক জনসভায় রাব্বানী জেলা মন্ত্রী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এমপি’র দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিহতদের ক্ষতিপূরণ, সকল মামলা প্রত্যাহার ও পল্লী বিদ্যুৎ সংক্রান্ত ৫ দফা দাবি পূরণের জন্যে সরকারকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁেধ দিয়ে বলেন, সকল দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনে যাবেন।
এছাড়া কানসাটে পুলিশের দু’দফা গুলিতে ১০জন নিহত হওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ নেতার সাথে আন্দোলনে একাত্মতা জানিয়ে জেলা আইনজীবী সমিতি বুধবার আদালত বর্জন করে শোকর্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
অন্যদিকে কানসাটের ঘটনার পর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নাচোলে কৃষকরা আন্দোলনে নেমেছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা নাচোল ডিগ্রি কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
