সরকার এসপি মাসুদ ও ফখরুল ইসলামকে চাকরিচ্যূত করেছে
সরকার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা, বাংলাদেশ (জেএমজেবি) এর মদদদাতা হিসেবে অভিযুক্ত রাজশাহীর সাবেক এসপি ও সর্বশেষ সিআইডি বিশেষ সুপার মাসুদ মিয়া এবং হবিগঞ্জের সাবেক এসপি এএমএম ফখরুল ইসলাম খানকে চাকরিচ্যূত করেছে।
পুলিশের মহাপরিদর্শক আবদুল কাইয়ুম ওই দুজন কর্মকর্তাকে চাকরিচ্যূতির খবরটি নিশ্চিত করেন।
আইজিপি বলেন, রাজশাহীর এসপি থাকাকালীন বিভিন্ন ধরণের দুর্নীতির কারণে সিআইডির এসএস মাসুদ মিয়াকে চাকরিচ্যূত করা হয়েছে।
আব্দুল কাইয়ুম বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ চারজন নেতা-কর্মীকে হত্যার আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়।
আইজিপি জানান, তদন্ত কমিটির দেয়া রিপোর্টের ভিত্তিতে মাসুদ মিয়া ও ফখরুল ইসলামের ব্যাপারে প্রশাসন এ ব্যাবস্থা নেয়। মঙ্গলবার রাতেই তাদের চাকরিচ্যুতি সম্পর্কিত নোটিশটি দেওয়া হয়।
সূত্র জানায়, গত বছরের ১ মার্চ থেকে দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় রাজশাহীর তৎকালীন এসপি মাসুদ মিয়া কর্তৃক জঙ্গি সংগঠন জেএমজেবি এবং তার প্রধান বাংলা ভাইকে মদদ দেওয়ার অভিযোগ প্রকাশিত হতে শুরু হয়।
রাজশাহী বিভাগীয় পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে মাসুদ মিয়ার বিরুদ্ধে তার রাজশাহী অবস্থানকালে বিভিন্ন অপরাধমূলক তৎপরতার অভিযোগ বাড়তে থাকলে ১৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ ও পুলিশ সদরদপ্তরের এআইজি হাসানুল হায়দারকে নিয়ে গঠিত কমিটি ২০০৫ সালের ২০ মার্চ রাজশাহী সফরে যান । তারা মাসুদ মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, হত্যার হুমকি ও বাংলাভাই-অপরাধী চক্রকে সহযোগিতা প্রদানের অভিযোগগুলো তদন্ত করেন।
তদন্তকালে কমিটি পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন ও তাদের সাক্ষ্য নেন।
এছাড়া রাজশাহী পুলিশের তৎকালীন ডিআইজি নুর মোহাম্মদের নেতৃত্বে গঠিত অপর একটি তদন্ত কমিটিও মাসুদ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত রিপোর্ট জমা দেয়।
মাসুদ মিয়াকে ওই বছরের ১১ মার্চ স্ট্যান্ডরিলিজ করা হয়। কর্তৃপক্ষ এরআগে ৫ মার্চ তার বিরুদ্ধে বদলির আদেশ দেয়।
অভিযোগ রয়েছে, বদলির আদেশ পাওয়া পর এসপি মাসুদ রাজশাহীতে অবস্থান করে এবং বদলির আদেশ প্রত্যাহার করার জন্য তদবির করতে থাকে।
এছাড়া হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের সভায় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যর্থতার কারণে হবিগঞ্জের সাবেক এসপি এ এম এম ফখরুল ইসলাম খানকে ২০০৫ সালের ২৯ জানুয়ারি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বৈদ্যের বাজারে ২৭ জানুয়ারি গ্রেনেড হামলায় এএসএমএস কিবরিয়াসহ চারজন নিহত হয়।
