রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
রাজধানীর মিরপুর এবং শাহবাগে বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছে।
মিরপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে বুধবার সকালে দ্রুতগামী মিনিবাসের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়।
নিহত শিশুর নাম পলি আক্তার (৯)। সে হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার সময় পলি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মিনিবাস তাকে চাপা দেয়।
পুলিশ বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর এক ঘটনায় শাহবাগে দ্রুতগামী বাসের চাপায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম হাজী হাওয়া বেগম (৬০)। তিনি পুরনো ঢাকার মালীটোনা লেনের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন।
