বিচারবিভাগ পৃথকীকরণে সময় বৃদ্ধির আবেদন সুপ্রিমকোর্টে আবারও নাকচ
সুপ্রিমকোর্টের আপীল বিভাগ বুধবার দ্বিতীয়বারের মতো প্রশাসন থেকে বিচারবিভাগ পৃথকীকরণের জন্য সরকারের চার মাস সময়ের আবেদন নাকচ করেছে।
এর আগে ২০০৫ সালের ২০ অক্টোবর সুপ্রিমকোর্টের ১২ দফা নির্দেশনার ভিত্তিতে বিচারবিভাগ পৃথকীকরণে চারমাস সময় চেয়ে সরকারের অনুরূপ একটি আবেদন সুপ্রিমকোর্ট নাকচ করে দেয়।
সরকারের পক্ষ থেকে এ্যাটর্নি জেনারেল অফিস বিচারবিভাগ পৃথকীকরণের জন্য গত সোমবার সুপ্রিমকোর্টে চারমাস সময় চেয়ে আবারও আবেদন করে। প্রশাসন থেকে বিচারবিভাগ পৃথকীকরণে সরকার ইতোমধ্যে ২২ বার সময় বৃদ্ধি করেছে।
২০০৫ সালের ২০ অক্টোবর সুপ্রিমকোর্টের আপীল বিভাগ রায় বিকৃত করা সংক্রান্ত অবমাননা মামলায় হাইকোর্টের রুলের ওপর শুনানির জন্য ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ধার্য করেছিল।
২০০৪ সালের ২৯ নভেম্বর সুপ্রীমকোর্ট এই নয়জন আমলার বিরুদ্ধে মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলার রায় বিকৃত করার দায়ে রুল জারি করে।
নয়জন অভিযুক্ত আমলারা হচ্ছেন- সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার এবং মোহাম্মদ আব্দুর রব হাওলাদার এবং এর উপসচিব আবুল কালাম আজাদ চৌধুরী ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খলিলুর রহমান, আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শফিকুল ইসলাম তালুকদার এবং এ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হারুনুর রশিদ এবং কেবিনেট ডিভিশনের উপ-সচিব মোহাম্মদ ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোতালেব হোসেন।
বুধবার হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ নয়জন আমলার বিরুদ্ধে অবমামনা মামলার শুনানি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছে।
