২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে রোববার ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

শনিবার রওনা দিয়েও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, শনিবার রাতে মির্জাপুরের হাটুভাঙ্গায় ব্রিজের ওপর একটি ট্রাক অকেজো হয়ে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া পাকুল্লা ব্রিজের ওপর একটি বাস দুর্ঘটনাকবলিত হলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে। এ সময় গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের জামুর্কী পর্যন্ত ২০ কিলোমিটার পর্যন্ত কমপক্ষে তিন হাজার যানবাহন আটকা পড়ে মহাসড়কে।

রংপুরগামী যাত্রী মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শনিবার রাত ১১টায় রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। রংপুরে পৌঁছানোর কথা ভোর ৫টায়। কিন্তু দুপুর ১২টায় সিরাজগঞ্জ পর্যন্ত পৌঁছাই। রংপুরে কখন পৌঁছাতে পারবো জানি না।” তিনি জানান, যানজটের ফলে সবচেয়ে দুর্ভোগের শিকার হয়েছে নারী-শিশু ও বৃদ্ধ যাত্রীরা।

অন্যদিকে সিরাজগঞ্জের যাত্রী একরামুল হক জানান, সকাল সাড়ে ৯টায় তিনি সিরাজগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন। বিকেল ৫টা ৫৫ মিনিটে তিনি সিরাজগঞ্জের কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন।

টাঙ্গাইলের পুলিশ সুপার ইসরাইল হাওলাদারের নেতৃত্বে পুলিশ ও র‌্যাব সদস্যরা অকেজো যানবাহন সরিয়ে নিলে সন্ধ্যা ছয়টার দিকে এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।