২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবুজ দক্ষিণ এশিয়া-২০০৭’ কর্মসূচি সোমবার থেকে

নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে ‘সবুজ দক্ষিণ এশিয়া-২০০৭’ (গ্রীন সাউথ এশিয়া) কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

ঢাকায় অনুষ্ঠিত ২০০৫ সালের সার্ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি শুরু হচ্ছে।

পরিবেশ ও বন উপদেষ্টা ফজলুল হক রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সার্কভূক্ত দেশগুলোর জাতীয় দৈনিকে এক সঙ্গে ক্রোড়পত্র প্রকাশ, র‌্যালি, গণ সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার-সিম্পোজিয়াম, স্মারক ও ডাক টিকেট প্রকাশ, পরিবেশগত ব্যবস্থাপনার জন্য নদী নির্বাচন, বৃক্ষ মেলা, বৃক্ষ রোপন, ইকো ট্যুর, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া ও শিল্প প্রতিষ্ঠানকে উৎসাহ দেয়া ইত্যাদি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে ঈদের ছুটির কারণে ১ জানুয়ারির পরিবর্তে ৪ জানুয়ারি ক্রোড়পত্র প্রকাশিত হবে। এছাড়া দেশের প্রথম সবুজ শহর হিসেবে রাজশাহীকে নির্বাচন করা হয়েছে। শহরটিকে আরো সবুজ করে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন, পরিবেশ ও বন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থা এক যোগে কাজ করবে।

পলিথিন ব্যাবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বন সচিব জহরুল ইসলাম বলেন, পলিথিন নিষিদ্ধকরণ আইনের আওতায় আগামী ১০ দিনের মধ্যে নতুন করে অভিযান শুরু করা হবে।

তিনি স্বীকার করেন, পলিথিনের ব্যাবহার কমলেও এর উৎপাদন পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। কারণ তার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না।

জহরুল ইসলাম আরও বলেন, বুড়িগঙ্গা নদীর পানির দূষণ রোধে ৮শ’ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বুড়িঙ্গার উৎস মুখের বাঁধ খুলে দেওয়া হবে।

তিনি বলেন, একইভাবে দেশের অন্যান্য নদীতে প্রবাহ বাড়িয়ে দূষণ রোধ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ডেস্কের মহাপরিচালক মাহাবুবুজ্জামান, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখারুল হোসেন, প্রধান পরিবেশ ও বন সংরক্ষণ কর্মকর্তা ওসমান গনি প্রমুখ।