এরশাদের ৫টি আসনের আপিলই নাকচ
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি আপিলই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। রোববার সকাল সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘন্টা শুনানির পর বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান এই রায় ঘোষণা করেন। এর পরপরই নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে এরশাদ সমর্থক আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন এবং শ্লোগান দেন, ‘নো এরশাদ, নো ইলেকশন।’ সিনিয়র প্রতিবেদক বিপ্লব রহমান জানাচ্ছেন বিস্তারিত
শুনানির কারণে রোববার সকাল ১০টা থেকেই নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানসহ অপরাপর কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসাইন চৌধুরী এবং সাইফুল আলম সেখানে রয়েছেন।
গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে জাপা চেয়ারম্যান ঢাকা-৫, সিলেট-৩, হবিগঞ্জ-৩, রংপুর-৩ এবং লালমনিরহাট-৩ আসনে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। পরদিন ২৭ ডিসেম্বর বুধবার বাছাইয়ের তারিখে এরশাদের পাঁচটি আসনের মনোনয়ন পত্রই বাতিল বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। জাপানী নৌযান ক্রয় সংক্রান্ত মামলার রায় স্থগিতের বিরুদ্ধে এরশাদের আবেদন আদালত খারিজ করে দেওয়ায় নির্বাচনে তাঁর প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়।
এর বিরুদ্ধে গত শুক্রবার নির্বাচন কমিশনে আপিল করেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট কাজী সিরাজুল ইসলাম। রোববার শুনানির সময় এরশাদের পক্ষে জাতীয় পার্টি সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১ টা থেকে ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত চলে এ শুনানি। নির্বাচন কমিশনের বেঞ্চ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান।
আপিল নাকচ হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে আসার পর রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, গত ১৬ বছর ধরে বার বার এরশাদের বিরুদ্ধে এধরনের ষড়যন্ত্র হচ্ছে। তিনি কখনও ন্যায়বিচার পাননি। আজকেও ন্যায়বিচার উপেক্ষিত হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা উচ্চ আদালতে যাবো। সেখানে ন্যায়বিচার না পেলে জনতার কাতারে যাবো। জাতীয় পার্টি এ পরিস্থিতিতে নির্বাচনে যেতে পারে না। আমরা ন্যায়বিচার না পাওয়ার পিছনে বড় কোনো হাত আছে।”
তিনি অভিযোগ করে বলেন, হাওয়া ভবনের লোক সব জায়গায় বসে আছে।
এসময় পাশেই উপস্থিত এরশাদ সমর্থক আইনজীবীরা শ্লোগান দেন, ‘নো এরশাদ, নো ইলেকশন’। এসময় সেখানে ব্যাপক হট্টগোল হয়। সকাল থেকেই দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল নির্বাচন কমিশনে।
এরশাদের আইনজীবী অ্যাডভোকেট কাজী সিরাজুল ইসলাম বিক্ষুব্ধ আইনজীবীদের শান্ত করে বলেন, “২৮ ডিসেম্বর জেলা নির্বাচনী কর্মকর্তারা সম্পূণ উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনীভাবে এরশাদের মনোনয়ন বাতিল করে দেন। আমরা আশা করেছিলাম, নির্বাচন কমিশন তাকে নির্বাচনে যাওয়ার সুযোগ করে দেবেন। কিন্তু আজ দেখলাম, আইন স্বাভাবিক গতিতে চলছে না। আইন নিয়ন্ত্রিত হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আইনের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী কাজ করেনি। এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক প্রতিহিংসা চলছে।
এটা বলার পিছনে আপনাদের যুক্তিটা কি-এ প্রশ্ন করা হলে সিরাজুল ইসলাম বলেন, এর কারণ হচ্ছে, নির্বাচনে যাওয়ার জন্য এরশাদ সম্পূর্ণ বৈধ। যে মামলার কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হলো সেই মামলায় ১৯৯৭ সালেই তার সাজা খাটা শেষ হয়ে গেছে। তার কোনো সাজা নেই এখন। কিন্তু নির্বাচন কমিশন সেটা বিবেচনায় নেয়নি।
নির্বাচন কমিশন কি কোনো যুক্তি দেখিয়েছে এ জন্য-এর জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো যুক্তি দেখাননি। তারা শুধু বললেন, আপনারা নির্বাচন ট্রাইব্যুনালে যান।
আপনারা উচ্চ আদালতে যাবেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা কমিশনকে এই রায়ের নকলের জন্য দরখাস্ত দেব। আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখবো। তারপরে কি করা যায় সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।”
এসময় এরশাদ সমর্থক প্রায় ৫০ জন আইনজীবী নির্বাচন কমিশন সচিবালয়ের রাস্তায় শ্লোগান দেন, ‘এরশাদ ছাড়া নির্বাচন হবে না, হবে না’, ‘নির্বাচন কমিশনের রায় মানি না, মানবো না’, ‘ষড়যন্ত্রের নির্বাচনে হবে না’।
এর আগে গত বুধবার এরশাদের মনোনয়ন পত্র বাতিল করার ঘোষণা দিলে দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার বৃহত্তর রংপুরসহ উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় এর প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। রংপুরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দেড় শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে। দলের চেয়ারম্যানকে নির্বাচন করতে না দিলে ঈদের পর বৃহত্তর রংপুর অচল করে দেওয়ার হুমকি দেন স্থানীয় নেতারা।
এদিকে ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে চার হাজার ১৪৬টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে বাতিল হয় ২৬৪টি। ঋণ খেলাপের অভিযোগে ১৯৪ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়।
গত তিনদিন ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে মোট ১২৪টি আবেদন জমা পড়ে। রোববার এবং ১ জানুয়ারি ও ২ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলের সেশনে শুনানি চলবে।
উল্লেখ্য আসন্ন নির্বাচনে চার হাজার ১৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিগত নির্বাচনের চেয়ে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। ২০০১ এর ১ অক্টোবরের নির্বাচনে দুই হাজার ৫৬৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
