বরিশালে মাদ্রাসা ছাত্রের হাতে যুবক খুন
বরিশালের কাশিপুরে শনিবার দুপুরে মাদ্রাসার এক ছাত্র আল-আমীন (২০) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে।
এ ঘটনায় স্থানীয়রা খাশিপুর নেছারিয়া দারুল উলুম এতিমখানা ও মাদ্রাসার সুপার মো. সোলায়মান হোসেন (৩৫), ছাত্র সাইদুল (১৬), জাহিদুল ইসলাম (১৮) ও মাদ্রাসার শিক্ষক অন্ধ হুজুরের ছেলে বিএম কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র মাইদুল (২৫) কে পুলিশে দিয়েছে। তবে ঘাতক মাদ্রাসার হেফজোখানার ছাত্র হাফিজ উদ্দিন (২০) পালিয়ে গেছে।
মাদ্রসার সুপার জানান, নিহত আল আমিন ছাত্রদের উত্ত্যক্ত করত।
শনিবার দুপুর ১টার দিকে সে মাদ্রাসার প্রাচীর ভেঙে ঢুকলে শিক্ষক নাজমুল হাসান ইদ্রিস তাকে গালাগাল করেন। এতে ক্ষিপ্ত হয়ে আল আমীন ধারালো অস্ত্র নিয়ে ওই শিক্ষককে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি মাদ্রাসার পুকুরে ঝাঁপ দেন।
এ সময় হাফিজ উদ্দিন গরু জবাইয়ের ছুরি দিয়ে আল-আমিনকে তাড়া করে ঘাড়ের বা দিকে কোপ দেয়। স্থানীয়রা তাকে শেরে বাংলা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার এস আই মোশাররফ হত্যার কথা স্বীকার করে বলেছেন, মাদ্রাসা থেকে দুটি ধারালো অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
