২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকিট ছাড়া ঘরে ফেরা

রিবার পরিজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে চায় সবাই। ঈদের আগে সবাই তাই ছুটেছেন প্রিয়জনদের উদ্দেশ্যে। উৎসবের এ মৌসুমে বাড়তি চাহিদা সামনে রেখে টিকিটের দামও সেকারণে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 01:40 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

মাথার ঘাম পায়ে ফেলে সারা বছরের উপার্জন ভাগাভাগি করে নিতে বাড়ি রওনা হওয়া শ্রমজীবী নাগরিকেরা অবশ্য বাড়তি ভাড়া গুনতে রাজি নন। তাই গরু বেপারিদের আনা ফিরতি ট্রাকে এবং ভর্তি বাসের ছাদে করে মারাত্মক ঝুঁকি নিয়ে যাত্রা করছেন তারা দেশের বিভিন্ন জায়গায়। এ যাত্রায় টিকিটের বালাই নেই।

আমিন বাজার ব্রিজের কাছে দেখা গেছে এরকম নিু আয়ের লোকজনের প্রচন্ড ভিড়। গাবতলি হাটে গরু নিয়ে আসা ট্রাকগুলো এই সুবাদে ফিরতি পথে উপার্জন করে নিচ্ছে বাড়তি কিছু টাকা। এসব ট্রাক দেশের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে গেছে এসব লোকজন। একেকটি ট্রাক এসে থামার কিছুক্ষণের মধ্যেই লোকে পরিপূর্ণ হয়ে গেছে।

ট্রাকে কিংবা বাসের ছাদে চড়ে তারা যাত্রা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, রংপুর, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ প্রভৃতি জেলাগুলোতে যেতে এসব পরিবহনে দূরত্ব ভেদে ভাড়া ছিল ৩৫-১০০ টাকা। এছাড়া দরদাম করে আরো অনেক কম টাকায়ও যাত্রা করছেন অনেকেই।

পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন রুটের অনেক বাসই গাবতলি থেকে যাত্রী নিয়ে আমিনবাজার ব্রিজে এসে ছাদ ভর্তি লোক তুলেছে। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে যাত্রা করার কারণ জানতে চাইলে একজন যাত্রী বললেন অতো চিন্তা করার সময় নাই, বাড়ি ফিরতে পারলেই হলো।

টহল পুলিশের সামনেই এসব বাস ট্রাকে অতিরিক্ত যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে বাস ট্রাকগুলো ছেড়ে গেলেও তারা ছিল নীরব দর্শকের ভূমিকায়। শত কষ্ট উপেক্ষা করে এসব লোকজন বাসের ছাদে কিংবা ট্রাকে চড়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে পরিবার পরিজনের সাথে কয়েকটি আনন্দময় দিন কাটানোর আশায়।