চট্টগ্রামের দুটি আসনে নির্বাচন করার হুমকি বিএসসির
আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি নুরুল ইসলাম বিএসসি মহাজোটের মনোনয়ন না পেলে চট্টগ্রাম থেকে দুটি আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
তিনি চট্টগ্রাম-১০ আসনে জোটের মনোনয়ন চাইছেন। কিন্তু সেখানে জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাঈনুদ্দীন খান বাদলকে প্রার্থী করা হয়েছে।
নুরুল ইসলাম শুক্রবার বিকালে নগরীর বহদ্দারহাট মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বাদলের মনোনয়ন প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।
তিনি বলেন, “এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আমি চট্টগ্রাম-১০ (চান্দগাঁও-বোয়ালখালী) ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। এবার নেত্রীর অনুরোধও আমাকে নির্বাচন করা থেকে বিরত রাখতে পারবে না।”
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম আরো বলেন, “গত নির্বাচনে নেত্রীর (শেখ হাসিনা) অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। গত ৩৫ বছর ধরে আমি দল এবং এলাকাবাসীর জন্য অনেক কাজ করেছি। নেত্রী যদি এর মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেন তাহলে আমি অবশ্যই বিজয়ী হবো।”
বাদল প্রসঙ্গে তিনি বলেন, “তার পুুরো পরিবারই বিএনপি এবং ঋণ খেলাপি। তাকে মহাজোটের প্রার্থী করা হলে জনগণের ভোট তো দূরের কথা তিনি নিজের ঘরের ভোটও পাবেন না।”
চার দলীয় জোটের প্রার্থী সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানকে চ্যালেঞ্জ করে বিএসসি বলেন, “এবার টাকার খেলা চলবে না।”
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি আফছার খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহের খান, সাবেক কমিশনার নুরুল হুদা লালু ও আবু তাহের।
