২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ৭ ও ৮ জানুয়ারি সারাদেশে অবরোধ: হাসিনা

নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে আগামী ৭ ও ৮ জানুয়ারি সারাদেশে অবরোধ ডেকেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সেইসঙ্গে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ এবং নির্বাচন পর্যন্ত র‌্যাবের সব কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান। অন্যথায় অবরোধের পর বঙ্গভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ার করে দেন। নির্বাচনে মহাজোট অংশগ্রহণ করবে কিনা এবং এরশাদের ব্যাপারে জোটের ভূমিকা কি হবে সেসম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে বলেছেন, ‘এরশাদ ছাড়া নির্বাচন নয়’ এটা কেবলমাত্র জাতীয় পার্টিরই শ্লোগান, মহাজোটের নয়। নির্বাচনের মাঠ থেকে পালিয়ে আসতে চান না বলেও তিনি মন্তব্য করেন। আরও জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী ও সুমন মাহবুব।

প্রধান উপদেষ্টার পদ থেকে আবারও ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগের দাবি জানিয়ে শেখ হাসিনা বলেন, তাঁর পদে নতুন কাউকে নিয়োগ দিতে হবে। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচির পর বঙ্গভবন ঘেরাও করা হবে।

হাসিনা অভিযোগ করেন, বিএনপি-জামাতের তৈরি করা তালিকার ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সারাদেশে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল ঠিক করাই আছে, সময়মতো রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তা ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বাম পাশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এবং ডানপাশে এলডিপির সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বসেছিলেন।

আসন্ন সংসদ নির্বাচনে মহাজোট অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে নির্বাচনে মহাজোট অংশগ্রহণ করবে কিনা এবং এরশাদের ব্যাপারে জোট কী অবস্থান নেবে তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

‘নো এরশাদ, নো ইলেকশন’ জাতীয় পার্টির চেয়ারম্যানের এই বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে হাসিনা বলেন, “ এটা মহাজোটের বক্তব্য নয়। এটা এরশাদ সাহেবের বক্তব্য।”

এরশাদ যদি নির্বাচন করতে না পারেন এবং নির্বাচনী তফসিল পরিবর্তন করা না হয় তবে মহাজোট নির্বাচনে যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা নির্বাচনে যেতে চাই।”

তবে তিনি বলেন, মহাজোটের দাবি পূরণ করে ২২ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব নয়। যদি তা করা হয় তবে সেটা হবে গোঁজামিলের নির্বাচন।

অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যখন যা করবো তখনই তা জানানো হবে। অবস্থা বুঝে ব্যবস্থা নেবো।”

শেখ হাসিনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে নির্বাচন পর্যন্ত র‌্যাবের সব ধরনের তৎপরতা বন্ধ রাখার আহ্বান জানান।

তিনি বলেন, “এ নির্বাচনে ভোটার তালিকাটাই গুরুত্বপূর্ণ। বিএনপির হাতে আরেকটা ভোটার তালিকা রয়েছে। যেটা প্রিসাইডিং অফিসারদের দেওয়া হবে। আর আমাদের কাছে আরেকটা ভোটার তালিকা থাকবে যেখানে ভোটারদের কোন অস্তিত্বই থাকবে না।”

এ অবস্থায় মহাজোট নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিচ্ছে না কেন প্রশ্ন করা হলে হাসিনা বলেন, “যুদ্ধের ময়দান থেকে আমরা তো ভেগে যেতে পারি না”।

তিনি আরও বলেন, “গুচ্ছ প্রস্তাব অনুযায়ী নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে তিন শতাধিক দলীয় ব্যক্তিকে প্রত্যাহার করে নিতে হবে। ভোটার তালিকা জনসম্মুখে টানাতে হবে। নির্বাচনী আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে খসড়া তালিকা যাচাই বাছাইয়ের জন্য ১৫ দিন সময় দিতে হবে।”

সব ভোটারদের আইডি কার্ড ও নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের দাবি জানিয়ে হাসিনা বলেন, “পুরনো ভোট কেন্দ্রগুলো বহাল রাখতে হবে। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করার ক্ষেত্রে প্রার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে। প্রকৃত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার করতে হবে। এটর্নি জেনারেল অফিস, সকল আইন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে পরিবর্তন করতে হবে।”

একই সঙ্গে তিনি প্রশাসনকে দলীয়করণমুক্ত করার দাবি জানিয়ে বলেন, “ চিহ্নিত দলীয় কর্মকর্তাদের ওএসডি করতে হবে।”

এরশাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “যথাযথ কারণ না জানিয়ে এরশাদেও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কোনরকম নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।”

তিনি বলেন, “আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এরজন্য অনূকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।”

শেখ হাসিনা ঈদের আগেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে এবং সেনা সদস্যদের তাঁদের পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান।

সংবাদ সম্মেলন শেষে এরশাদকে নিয়ে বের হওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরা ‘এরশাদ ছাড়া নির্বাচন মানি না, মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন।

সংবাদ সম্মেলনে মহাজোটের পক্ষ থেকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর এবং এলডিপি মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।