সুলতানগঞ্জ পশু শুল্ক করিডোরের রাজস্ব আয় কমছে
দেশের বৃহত্তম গবাদি পশু আমদানির করিডোর রাজশাহীর সুলতানগঞ্জে গত ৫ বছরে রাজস্ব আয় কমেছে প্রায় ১শ’ কোটি টাকারও বেশি।
গোদগাড়ী সীমান্ত জুড়ে শক্তিশালী একটি সিন্ডিকেট ভারত থেকে আনা গরু-মহিষ করিডোর পাশ কাটিয়ে চোরাই হাটে নেয়ার কারণেই এই ঘাটতি।
শুল্ক বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত পথে ভারতীয় গরু-মহিষের চোরাচালান রোধে ১৯৯৫ সালের ১ জুলাই সুলতানগঞ্জের ওই শুল্ক স্টেশনটি চালু করা হয়। এই স্টেশনে গরু-মহিষ প্রতি ৫০০ টাকা করে রাজস্ব দিলে ব্যবসায়ীদের দেশের যে কোনো স্থানে পশু চালানের ছাড়পত্র দেয়া হয়।
১৯৯৬ সাল থেকে পরপর কয়েক বছর সুলতানগঞ্জ করিডোরের ৩৫ থেকে ৪০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। কিন্তু সিন্ডিকেটের কারণে গত ৫ বছরে আয় কমেছে।
২০০১-২০০২ অর্থ বছরে এই করিডোরের রাজস্ব আয় হয়েছে ২৩ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ৫শ’ টাকা। ২০০২-২০০৩ অর্থ বছরে আয় ছিল ২০ কেটি ৪৬ লাখ ৯৭ হাজার, ২০০৩-২০০৪ অর্থ বছরে ৬ কেটি ৬৬ লাখ ৪৪ হাজার, ২০০৪-২০০৫ অর্থ বছরে ২০ কোটি ৯ লাখ ৪৯ হাজার ৬শ’ ও ২০০৫-২০০৬ অর্থ বছরে মাত্র ৪ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৩শ’ টাকা।
গত ১৮ ও ১৯ ডিসেম্বর সরেজমিনে জানা গেছে, দুই দিনে করিডোর দিয়ে গরু এসেছে মাত্র ১৯১টি।
দিন দিন রাজস্ব আয় কমছে বলে স্বীকার করে রাজশাহী বিভাগীয় কাস্টমস কমিশনার সুলতান মোহাম্মদ ইকবাল বলেন, “গরু-মহিষ না আসার কারণেই এটা হচ্ছে।”
করিডোরের পরিদর্শক মাইনুল ইসলাম অভিযোগ করেন, ভারতীয় গরু-মহিষ সীমান্ত এলাকা থেকেই বিভিন্ন পথে বিডিআর-পুলিশকে ম্যানেজ করে চলে যাচ্ছে চোরাই হাটগুলোতে। তিনি দবি করেন, গরু-মহিষ বাইপাসের সঙ্গে সীমান্তবর্তী ইউপি চেয়ারম্যান ও কিছু ওয়ার্ড কমিশনার জড়িত।
সুলতানগঞ্জ করিডোর দিয়ে প্রতিদিন ৭০ থেকে ১শ’ গরু-মহিষ আমদানি হয়। অথচ সেখানে মাত্র দুই কিলোমিটার দূরের মহিষালবাড়ী হাটে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার পশু বিক্রির জন্য আনা হয়।
এলাকার লোকজনের অভিযোগ, মহিষালবাড়ী পশু হাটে গরু-মহিষ বিক্রি ও চালানের জন্য স্থানীয় ওয়ার্ড কমিশনার মোফাজ্জল হোসেন মোফার নেতৃত্বে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। এরা বিডিআর ও পুলিশকে ম্যানেজ করে ভারতীয় গরু অবাধে নিয়ে আসছে।
তবে মোফা কমিশনার এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হাটের টোল আদায় ছাড়া অন্য কিছু করেন না। হাটে ট্রাক প্রতি ২২০ টাকা আদায় করা হয় বলে তিনি জানিয়েছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সুলতানগজ্ঞ শুল্ক করিডোরের সরকারি ছাড়পত্র জাল করে শতশত পশু চালান করা হচ্ছে। রাজশাহীর সুলতানগঞ্জ, রেলবাজার, ফুলতলা, বিদিরপুর, প্রেমতলী ও ছয়ঘাটি দিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা গরু-মহিষ সরাসরি মহিষালবাড়ী হাটে নিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
করিডোর বাইপাস করা পশুগুলোকে দেশি হিসাবে সার্টিফিকেট দিচ্ছেন চর-আলাতুলি, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোদাগাড়ী পৌরসভার কয়েক কমিশনার।
আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন অবশ্য ভুয়া সার্টিফিকেট দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা গৃহস্থের গরুর জন্যই সার্টিফিকেট দিয়ে থাকি। চোরাই গরুর জন্য দেই না।”
কিন্তু এলাকাবাসী মহিষালবাড়ী হাটে প্রতিদিন বিক্রি হওয়া গরু মহিষের যোগান নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, এত পশু তো স্থানীয়ভাবে উৎপাদিত হয় না।
