ঘন কুয়াশায় ফেরিঘাটে যানজট
ঘন কুয়াশার কারণে কয়েকটি স্থানে ফেরি চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখো যাত্রীদের এক অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়। শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই জট অব্যাহত ছিল। ঠাণ্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে শিশু ও বৃদ্ধদের।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ-মাওয়া ফেরিঘাটে শুক্রবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় আটকা পড়ে যাত্রী ও পণ্য বোঝাই গাড়িসহ ১০টি ফেরি। এতে ভয়াবহ যানটের সৃষ্টি হয় ।
মাওয়া প্রান্তেই আটকা পড়েছিল দুই শতাধিক গাড়ি।
ফেরি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো দক্ষিণ অঞ্চলের ২৩টি জেলার মানুষকে পোহাতে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ।
সকাল সাড়ে ৯টার পর এই ঘন কুয়াশা কেটে গেলে ফেরি ও যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে। তবে বিদ্রোহী চার দলীয় প্রার্থীর ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়ক অবরোধের ফলে আবারও দীর্ঘ যানজটের কবলে পড়েন যাত্রীরা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
মানিকগঞ্জ: আরিচা-দৌলতদিয়া ও আরিচা-নগরবাড়ি ফেরিঘাটে ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত কোনো ফেরি চলাচল করেনি।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া দক্ষিণ অঞ্চলমুখী শত শত ট্রাক, বাস ও প্রাইভেট কার আটকা পড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। যানবাহনের লাইন প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
তিনটার পর যানজট কিছুটা কমে আসে।
