২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ

অপ্রয়োজনীয় ও বিতর্কিত কিছু কর্মকাণ্ডের জন্য পঞ্চগড়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তাদের একটি যৌথ প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সঙ্গে দেখা এ ধরনের কাজ বন্ধের দাবি জানায়। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তারা জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিনকে জানান, শহরের বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যরা সাধারণ মানুষকে অপমানসহ নানাভাবে হয়রানি করছে ও ভয় দেখাচ্ছে। এ কারণে শহরে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। ব্যবসা-বাণিজ্যেও চলছে মন্দা।

এর আগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা কমিটির সভায়ও সেনা সদস্যদের সাম্প্রতিক তৎপরতা নিয়ে সরব আলোচনা হয়।

১৪ দলের জেলা সমন্বয়ক মজাহারুল হক প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের নিয়ে তিনি কথা বলার সময় এক সেনা সদস্য তাদের সঙ্গে অশালীন আচরণ করে।

পঞ্চগড় পৌরসভার সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম ঝুনু অভিযোগ করেন, কয়েকদিন আগে সেনা সদস্যরা তাকে পৌরসভার সামনে লাঞ্ছিত করে। তারা তাকে কান ধরে উঠবস ও আজান দিতেও বাধ্য করে।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধানের নেতৃত্বে ১৪ দলের জেলা পর্যায়ের নেতারা ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, সাবেক পৌর চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন আহম্মেদ, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আহমদ আলী ছবি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শরিফ হোসেন ও মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন।

জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিন তার সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাতের কথা স্বীকার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কাজ করছে।