তাহের হত্যা মামলার অভিযোগপত্র সাড়ে ৮ মাসেও দেয়নি পুলিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাহের আহমেদ হত্যা মামলার অভিযোগপত্র পুলিশ সাড়ে আট মাসেও দেয়নি।
রাবি শিবির শাখার সভাপতি মাহাবুবুল আলম সালেহী ও শিক্ষক মিয়া মুহাম্মদ মহিউদ্দিনকে বাঁচাতেই অভিযোগপত্র দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
মামলার বাদি ড. তাহেরের ছেলে সানজিদ আহমেদ বলেছেন, রাজনৈতিক কারণে মামলাটি হিমাগারে চলে গেছে।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাতে তাহের আহমেদকে শিবির সভাপতি সালেহী ও রাবি শিক্ষক মহিউদ্দিন পরিকল্পিতভাবে হত্যার নির্দেশ ও হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে গ্রেপ্তার হওয়া আসামী জাহাঙ্গীর, তার ভাই সালাম ও আত্মীয় নাজমুল মহানগর আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছে।
তাদের জবানবন্দির ভিত্তিতে মামলার তদন্ত চূড়ান্ত করে পুলিশ অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি নেয়। এ অবস্থায় হঠাৎ করে রাজশাহীর পুলিশ কমিশনার নাইম আহমেদ বদলি হয়ে গেলে অভিযোগপত্র দেওয়ার উদ্যোগ বন্ধ হয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আচানুল কবির গত ছয় মাসে অন্তত দশবার বলেছেন, তদন্ত শেষ পর্যায়ে। খুব দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। কিন্তু তা কেন দেওয়া হচ্ছে না, এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার সোহেল রানা জানিয়েছেন, তদন্তে কিছু অগ্রগতি হয়েছে এবং তদন্ত আরও চলবে।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল মামলাটির তদারকি করছে। ফলে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।
রাজশাহী মহানগর উপ-পুলিশ কমিশনার শহিদুল ইসলামের কাছে শুক্রবার পৌনে ৪টার দিকে ড. তাহের হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মঙ্গলবার তিনি এ বিষয়ে কথা বলবেন।”
রাজশাহীর পুলিশ কমিশনার জাভেদ পাটোয়ারী মামলার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছুই বলতে চাননি।
নিহত শিক্ষকের ছেলে সানজিদ আহমেদ জানান, রাজনৈতিক কারণে পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। প্রকাশ্যে মিছিল সমাবেশ করে শিবির নেতা হুমকি দিয়ে বলেছে তাকে গ্রেপ্তার করা হলে দেশ অচল করে দেয়া হবে।
উল্লে¬খ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের আহমেদ চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হন এবং ৩ ফেব্রুয়ারি রাতে বাসার পেছনের সেফটি টাংকি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
