এরশাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, এরশাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মহাজোট ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
শুক্রবার সকালে ১৪ দলের নীতি নির্ধারকদের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্লাহ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নুরুল ইসলাম ও দিলীপ বড়ুয়া।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দুই ঘণ্টার এই বৈঠকে মহাজোটের বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা হয়। এ ছাড়া মহাজোট নির্বাচনে যাবে কী যাবে না সে ব্যাপারে হাসিনা বিকেলে মহাজোটের পক্ষ থেকে কী ঘোষণা দেবেন তার ওপরও আলোচনা হয় বৈঠকে।
পরে ১টার দিকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্যরা আলোচনার বিষয়বস্তু ও তাদের মতামত জানাতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে যান। দেড় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ৩ টার দিকে নেতৃবৃন্দ সুধাসদন থেকে বেরিয়ে যান। এসময় জাসদ নেতা হাসানুল হক ইনু এবং এলডিপি নেতা মাহী বি. চৌধুরীকেও বেরিয়ে যেতে দেখা গেছে।
