২০ লক্ষাধিক পূণ্যার্থীর শুক্রবার থেকে হজ্ব পালন শুরু
মক্কায় গত জানুয়ারিতে পদদলিত হয়ে নিহত ৩৬২ জন হজ্বযাত্রীর মধ্যে মধ্যে নাজির হোসেনের চাচা-চাচীও ছিলেন।
কিন্তু এ ঘটনা ভারতীয় বংশোদ্ভূত লন্ডনের আন্ডারগ্রাউন্ড শ্রমিক নাজির হোসেন ও তার ছেলেকে ২০ লক্ষাধিক হজ্বাযাত্রীর কাতারে শামিল হওয়া থেকে বিরত রাখতে পারেনি। ইসলামের জন্মভূমিতে শুক্রবার থেকে পাঁচ দিনের এই ধর্মীয় উৎসব শুরু হচ্ছে।
হজ্ব পালনের জন্য মক্কায় আসা মোট ২৩ হাজার ব্রিটিশ নাগরিকের মধ্যে একজন নাজির হোসেন। তিনি বলেন, “কি হবে তা নিয়ে আমার কোনো ভয় বা উৎকন্ঠা নেই। এটা আমাদের বিশ্বাসের অংশ এবং এজন্যই আমরা এখানে এসেছি।”
তিনি বলেন, “আপনাকে সবকিছু ভাবনার বাইরে রাখতে হবে, কারণ দুর্ঘটনা পৃথিবীর যে কোনো জায়গাতেই হতে পারে।”
প্রত্যেক সামর্থবান মুসলমানের জীবনে অন্ততপক্ষে একবার হজ্ব পালন করা বাধ্যতামূলক। হজ্ব বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। বিপুল এই জমায়েতের সময় অনেকেই ধর্মীয় জ্বরে আক্রান্ত হওয়ার ফলে দুর্ঘটনা ঘটে থাকে।
চলতি বছরের জানুয়ারিতে গত হজ্ব মৌসুমে এমনই এক দুর্ঘটনায় মক্কার জামারত সেতুতে অতিরিক্ত ভীড়ে পদদলিত হয়ে কমপক্ষে ৩৬২ জন হজ্বযাত্রী নিহত হন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রী প্রিন্স নাইফ বলেছেন, চলতি বছরের উন্নয়ন কাজ জামারত সেতুতে অতিরিক্ত ভীড় প্রতিরোধ করবে। হজ্বযাত্রীরা রোববার থেকে এই সেতু ব্যবহার করে শয়তানের উদ্দেশে প্রতিকী পাথর নিক্ষেপ করবেন। হজ্ব মৌসুমে অধিকাংশ দুর্ঘটনাই সাধারণত এখানে হয়ে থাকে।
প্রিন্স নাইফ সাংবাদিকদের বলেন, “চলতি বছরের হজ্ব কোনো দুর্ঘটনার সাক্ষী হবে না বলে আমরা আশা করছি।”
সৌদি আরবের হজ্ব মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জামারত সেতুকে প্রশস্ত করে একটি বহুমুখী কাঠামোতে পরিণত করার জন্য সৌদি সরকার ১ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এর ফলে সেতুটি দিয়ে প্রতি ঘন্টায় আড়াই লাখ মানুষ একসঙ্গে চলাচল করতে পারবেন।
তিনি জানান, বাকি তিনটি পর্যায়ের কাজ শেষ হলে সেতুটিতে এক সঙ্গে ৪০ লাখ মানুষ চলাচল করতে পারবেন।
মৌরতানিয়ার ২৬ বছর বয়সী ইব্রাহিম মোস্তাফা বলেন, “তিনি সেতুর এই উন্নয়ন কাজ গত বছরই দেখেছেন, কিন্তু হজ্বযাত্রীদের ভাগ্য আল্লাহর হাতে।”
তিনি বলেন, “কি হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই, কারণ দিনের শেষে কি হবে তা একমাত্র আল্লাহর হাতে।”
সূত্র জানায়, সৌদি সরকার হজ্ব উপলক্ষে মক্কায় ৩৫ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী ও উদ্ধারকারী মোতায়েন করেছে। তারা একাধিক ভাষায় ধাক্কাধাক্কি না করা ও ধীরে চলার জন্য নামাজের পর মসজিদের সামনে মাইকে মুসল্লীদের নির্দেশনা দিচ্ছেন।
সৌদি পুলিশ হজ্বযাত্রীদের সুবিধার্তে জামারত সেতুমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।
এমনকি কিছু কিছু ধর্মীয় নেতাও রাজকীয় এই উদ্যোগে সহায়তা করছেন। তারা চলতি মাসে একটি নীতিমালা ঘোষণা করেছেন। এতে হজ্বযাত্রীদের প্রচলিত প্রথা অনুযায়ী সকালে অথবা বিকেলে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করতে বলা হয়েছে।
