সীতাকুণ্ডে পাটকল শ্রমিকদের মহাসড়ক অবরোধ
নির্ধারিত সময়সীমার মধ্যে বেতন ও বোনাসের দাবি পূরণ না করায় চট্টগ্রামের চারটি পাটকলের শ্রমিকরা বৃহস্পতিবার সীতাকুণ্ডের বার আউলিয়া ও বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
বেলা ২টা থেকে প্রায় পৌনে তিনঘণ্টা এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বাংলাদেশ পাটকল করপোরেশনের আঞ্চলিক সমন্বয়ক মোজাম্মেল হক শনিবার দুপুরের মধ্যে দুই সপ্তাহের বকেয়া বেতন এবং ঈদ বোনাস দেওয়ার অঙ্গীকার করলে বিকাল পৌনে ৫টায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
উল্লেখ্য, ঈদ বোনাস, বকেয়া বেতন পরিশোধসহ আট দফা দাবিতে বুধবার সকালেও তিনঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। তখন বিজেএমসি কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়। কিন্তু তা পূরণ না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে আর আর জুট মিল, এম এম জুট মিল, গুল আহমদ জুট মিল ও হাফিজ জুট মিল শ্রমিকরা আলাদাভাবে দুটি স্থানে অবরোধ শুরু করে।
