চট্টগ্রামে পুলিশের লাশ উদ্ধার
নগরীর চান্দগাঁও থানার বিসিক শিল্পনগরী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এক পুলিশ হাবিলদারের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
মৃতের নাম মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি নোয়াখালী জেলার পুলিশ লাইনে হাবিলদার (নম্বর-৯৭) হিসাবে কর্মরত ছিলেন।
চান্দগাঁও থানার এসআই পেয়ার আহমেদ জানান, বাড়িতে যাওয়ার পথে কেউ তাকে খুন করে বিসিক শিল্পনগরী এলাকায় মরদেহ ফেলে গেছে। নিহতের পকেটে নোয়াখালী জেলা পুলিশ লাইনের চিঠি পাওয়া গেছে।
এস আই পেয়ার আহমেদ বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার ঘাড় ভাঙ্গা ছিল এবং নাক দিয়ে রক্ত ঝরছিল। কেউ তাকে পরিকল্পিতভাবে খুন করে থাকতে পারে। লাশের পাশে ঈদের কেনাকাটার ব্যাগ পাওয়া গেছে।
তিনি জানান, হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।রওনা
নোয়াখালী জেলা পুলিশ সুপার আনসার উদ্দিন পাঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চারদিনের ঈদের ছুটি নিয়ে হাবিলদার ইদ্রিস মিয়া বুধবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে তাকে খুন করে ফেলে যাওয়া হতে বলে তিনি ধারণা করছেন।
তিনি আরও জানান, ইদ্রিস মিয়া ঈদ উপলক্ষে একসঙ্গে চার মাসের বেতন নিয়ে বাড়ি যাচ্ছিলেন।
এ ব্যাপারে চান্দগাঁও থানায় মামলা হয়েছে।
