মহাজোটের নির্বাচনে যাওয়া না যাওয়ার চূড়ান্ত ঘোষণা শুক্রবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট অংশ নেবে কিনা তার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে শুক্রবার। রাজধানীর হোটেল রেডিসনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জোটের অবস্থান জানাবেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বৃহস্পতিবার রাতে দলের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, “নির্বাচন নিয়ে দলের সভানেত্রী সংবাদ সম্মেলনে মহাজোটের অবস্থান পরিষ্কার করবেন।”
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আদৌ সৃষ্টি হয়নি অভিযোগ করে আব্দুল জলিল এ সময় বলেন, ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপি-জামায়াত জোটকে ক্ষমতায় ফিরিয়ে আনতে একতরফা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছেন।
ভোটার তালিকা ছাড়া কীভাবে নির্বাচন সম্ভব প্রশ্ন করে তিনি বলেন, “গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্যই আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত ভোটার তালিকা সরবরাহ করতে পারেনি।”
এরশাদের মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণেই মহাজোট নির্বাচনে না যাওয়ার চিন্তা-ভাবনা করছে কিনা এমন প্রশ্নের জবাবে জলিল বলেন, “না, আমরা কেবল তার বিরুদ্ধে সরকারের নেয়া পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।”
এর আগে দুপুরে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে বেআইনিভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সুধা সদনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, “আজ (বৃহস্পতিবার) ঢাকায় যুবলীগের এক নেতাকে র্যাব ক্রসফায়ারে হত্যা করেছে। এছাড়া গত কয়েকদিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে একইভাবে হত্যা করা হয়েছে।”
এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে তিনি দাবি করেন।
পাঁচটি আসনে এরশাদের মনোনয়ন বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে সেগুলোতে মহাজোট নতুন কাউকে প্রার্থী মনোনীত করবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মহাজোট নির্বাচনে গেলে কোনো আসন খালি যাবে না।”
বিভিন্ন আসনে মহাজোটের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে জলিল বলেন, “১৪ দল এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। তালিকা চূড়ান্ত হলেই প্রার্থীদের জোটের প্রতীক ব্যহারের অনুমতি দেওয়া হবে।”
বৃহস্পতিবার সকাল থেকেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজ দল ও জাতীয় পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। সকালে সুধাসদনে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুর রাজ্জাক। দুপুর ১টার দিকে যান আব্দুল জলিল।
এর পরপরই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু ও আনিসুল ইসলাম মাহমুদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এসময় সেখানে উপস্থিত ছিলেন।
