প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বিনোদ বিহারী চৌধুরী
প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক আইন পরিষদ সদস্য বর্তমান রাজনৈতিক দলগুলোর অন্যায়, অবিচার ও আদর্শহীনতার বিরুদ্ধে দেশের জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি এ নির্বাচনে লড়াই করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে সবার কাছে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, শোষিত, বঞ্চিত ও অপমানিত জনগণের অধিকার আদায়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এক প্রশ্নের জবাবে ৯৬ বছর বয়সী এই বিপ্লবী নেতা বলেন, “হাজারও বাধা এলেও আমি নির্বাচন করবো। বিনোদ চৌধুরী বসার (প্রত্যাহারের) জন্য দাঁড়ায়নি, নির্বাচন করার জন্যই দাঁড়িয়েছে। আমি যা বলি তাই করি।”
প্রসঙ্গত এ আসনে মহাজোট থেকে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাম্প্রতিক সময়ে নগরীর গোলকধাম পশুশালা নিয়ে পশুরক্ষক সমিতির নেতা বিনোদ চৌধুরীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সিটি মেয়রের বিরোধ বাধে।
প্রবীণ এই নেতাকে প্রশ্ন করা হয়েছিল যে মেয়রের সঙ্গে এ বিরোধ মিটে গেলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কি না? এর জবাবে তিনি বলেন, “আমার এ লড়াই কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আক্রোশের ফল নয়। মহিউদ্দিন চৌধুরী কিংবা আরও যেসব শক্তিশালী প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে নয়, বরং বর্তমানে দেশের প্রচলিত রাজনীতি বদলানোর আন্দোলন। কারণ বর্তমান জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় জনগণের কথা বলে। আর নির্বাচন শেষে তাদের উল্টো শোষণ করতে শুরু করে। তাদের মধ্যে কোনো দেশপ্রেম কিংবা আদর্শ নেই। এ পরিস্থিতি বদলানোর জন্যই আমার এ প্রতিবাদী অবস্থান।”
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিই এ বয়সে তাকে আবার নির্বাচন করার প্রেরণা জুগিয়েছে।
তিনি বলেন, “একা আমি পুরো দেশের চিত্র পাল্টে দিতে পারব না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে কয়েকজন যুবকের লড়াই যেমন সারা ভারতবর্ষে স্বাধীনতার বীজ বপন করেছিল তেমনি এ নির্বাচন সারাদেশের জনগণের কাছে আদর্শ হয়ে থাকবে।”
সংবাদ সম্মেলনে বিনোদ বিহারী চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
আওয়ামী লীগের সঙ্গে খেলাফত মজলিসের সমঝোতা স্মারকের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ওই দলের সমর্থকরাও এ চুক্তির বিরোধিতা করছে। এ চুক্তি দেশে মৌলবাদিতা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ উস্কে দেবে বলে বক্তারা তাদের মতামত ব্যক্ত করেন।
অ্যাডভোকেট রানা দাশগুপ্তও একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর সমর্থনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ফাদার যোশেফ জীবন গোমেজ, প্রকৌশলী মো. ইব্রাহিম, মীর রমজান আলী, নারী নেত্রী নুরজাহান খান উপস্থিত ছিলেন।
