হান্নান শাহ’র প্রার্থীতা বাতিলের দাবি আওয়ামী লীগের
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে চার দলীয় প্রার্থী ব্রিগেডিয়ার (অব) আসম হান্নান শাহর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের দাবি করেছে আওয়ামী লীগ।
তবে জেলা রিটার্নিং অফিসার বলেছেন, সংশ্লিষ্ট ব্যাংকের অনাপত্তিপত্রের ভিত্তিতেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক আমানত হোসেন খান ও কাপাসিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগে জানান, বাংলাদেশ ব্যাংক হান্নান শাহকে ঋণ খেলাপি ঘোষণা করে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেওয়ার পরও বেআইনিভাবে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হান্নান শাহ অগ্রণী ব্যাংক গাজীপুর শাখায় ঋণ খেলাপি। এছাড়া তার ছেলে রেজা শাহ পূবালী ব্যাংকে ঋণ খেলাপি যার গ্যারান্টর আসম হান্নান শাহ।
বাংলাদেশ ব্যাংকের সিআইবি (সেন্ট্রাল ইনফরমেশন ব্যুরো) ৩০ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী হান্নান শাহকে ঋণ খেলাপি ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠায়।
বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান হান্নান শাহকে প্রথমে খেলাপি ঘোষণা করেন। এর এক ঘণ্টার মধ্যে হান্নান শাহ অগ্রণী ব্যাংক গাজীপুর শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে এসে ব্যাংকের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দাখিল করেন।
এতে উল্লেখ করা হয়, ২৪ ডিসেম্বর হান্নান শাহ ব্যাংক ঋণ পুনঃতফসিল করেছেন। এর প্রেক্ষিতে রিটার্নিং অফিসার তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।
এদিকে, আওয়ামী লীগের চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক কাউকে ঋণ খেলাপি ঘোষণা করলে তার ক্লিয়ারেন্স ছাড়া অন্য ব্যাংকের অবমুক্তি করার এখতিয়ার নেই।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম জানান, সংশ্লিষ্ট ব্যাংক অনাপত্তিপত্র দিলেই প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক মাসে এক বার (৩০ তারিখ) ঋণ খেলাপির তালিকা করে।
