২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বান্দরবানে শুক্র ও শনিবার হরতাল

নির্বাচনে বান্দরবান জেলা বিএনপি সভানেত্রী মাম্যাচিং মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা শুক্রবার অর্ধদিবস এবং শনিবার সারা দিন জেলায় হরতাল ডেকেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে হরতালের এই ডাক দেয়া হয়। এতে জেলা বিএনপি সহ সভাপতি লুসাই মং, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, জাহাঙ্গীর আলম, জসিমউদ্দিন, আরিফ কোম্পানী প্রমুখ উপস্থিত ছিলেন।

বান্দরবান আসনে মাম্যাচিং এর মনোনয়ন প্রায় চূড়ান্ত থাকলেও বুধবার রাতে ঢাকা থেকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় সাচিং প্রু জেরীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সাচিং প্রু জেরীর সমর্থকরা শহরে জিপ, ট্রাক ও মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করে।

এ ঘটনায় ক্ষুব্ধ মাম্যাচিং সমর্থকরা বিএনপি হাইকমান্ডের কাছে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি আদায়ে লাগাতার আন্দোলন শুরুর হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু বলেন, মাম্যাচিং দলীয় মনোনয়ন না পেলে রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে।