শামীম ওসমানকে গ্রেপ্তার না করতে হাইকোর্টের নির্দেশ
আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানকে যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার ও হয়রানি না করার জন্য বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শামীম ওসমানের বাড়িতে পুলিশি অভিযানের বৈধতা চ্যালেঞ্জ ও যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়াই তাকে গ্রেপ্তারের চেষ্টার বিরুদ্ধে দায়ের করা এক বিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক মীর হাসমত আলী এ নির্দেশ দেন।
শামীম ওসমানের পক্ষে আব্দুল বাসেত মজুমদার রিট আবেদনটি করেন। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট এস এম সিদ্দিকুর রহমান ও সাঈদ আহমেদ রাজা।
আবেদনে বলা হয়, ১৯৯৬ সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন। রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে যেসব মামলা করেছে সেগুলোর ওপর হাইকোর্টের স্থগিতাদেশ আছে। তারপরও ২৬ ডিসেম্বর পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে শামীম ওসমানকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। কর্মী সমর্থকরা প্রতিরোধ করে তাকে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা করে।
গ্রেপ্তার ও হয়রানি এড়াতে বর্তমানে তিনি পালিয়ে আছেন বলে ওই রিট আবেদনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, কোনও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া বাড়িতে অভিযান এবং শামীম ওসমানকে গ্রেপ্তারের চেষ্টা চালানোয় তার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লংঘিত হয়েছে।
রিট আবেদনের শুনানি শেষে আদালত স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিচালক, ডেপুটি কমিশনার, নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নারায়ণগঞ্জের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হাইকোর্ট পুনরায় খোলার আগে শামীম ওসমানকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দেন।
