রাজধানীতে যুবলীগ নেতা নিহত, ৩ জন গুলিবিদ্ধ
রাজধানীতে বৃহস্পতিবার পৃথক দুটি সন্ত্রাসী হামলায় যুবলীগের এক নেতা নিহত এবং তিন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া মহাখালির সাত তলা বস্তি থেকে ১০ বছর বয়সী একটি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
শ্যামপুর থানার আইজি গেট এলাকায় ৮৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ আসলাম তার ফুফাতো ভাই হীরার গুলিতে নিহত হয় বলে পুলিশ জানায়। পুলিশ তাকে সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে হীরা তার সহযোগিদের নিয়ে আসলামকে বাড়ির সামনে বেলা ১১ টার দিকে খুন করে। বহুর আলোচিত সুন্দর বাবুকে গ্রেপ্তার করতে র্যাবকে সহায়তা করার জন্য সুন্দর বাবুর সহযোগিরা এ হত্যাকান্ডে অংশ নেয়।”
ওসি আরো বলেন, “আসলামের বাবার হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুন্দর বাবুকে গ্রেপ্তার করতে র্যাবকে সাহায্য করেছিলেন আসলাম।” হীরা ও সুন্দর বাবু পরস্পরের সহযোগী বলে ওসি উল্লেখ করেন।
তিনি জানান, খুনের ঘটনার পরপরই স্থানীয় জনগণের সহায়তায় সূত্রাপুর এলাকা থেকে হীরাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালালে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সোবহান ও সালাউদ্দিন আহমেদ গুলিবিদ্ধ হন। সকাল ১০ টার দিকে রজনীকান্ত বোস লেন থেকে শাহবাগ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম শাহবাগ আজিজ কো-অপারেটিভ মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আহত অপর দুজন তার সহযোগী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আহতরা জানান, পাঁচ থেকে ছয়জনের একটি সন্ত্রাসী দল দুইপাশ থেকে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এ কারণে হামলাকারীদের তারা চিনতে পারেননি।
সূত্রাপুর থানার এস আই শাহজাহান জানান, জাহাঙ্গীর আলম এর আগে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
এ ছাড়া পুলিশ মহাখালির সাত তলা বস্তি থেকে ১০ বছর বয়সী একটি মেয়ের লাশ উদ্ধার করলেও তার কারণ জানাতে পারেনি।
