নির্বাচন নিয়ে আজই সিদ্ধান্ত নেবে মহাজোট: ওবায়দুল কাদের
আজকের মধ্যেই নির্বাচন সম্পর্কে সিদ্ধান্ত জানাবে মহাজোট। শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুধাসদন থেকে বেরিয়ে এসে বৃহস্পতিবার পৌনে বারোটায় সাংবাদিকদের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের জানান, “নির্বাচনে যাবো কি যাবো-না এ ব্যাপারে আজকের মধ্যেই সিদ্ধান্ত নেবে মহাজোট।”
কাদের বলেন, আওয়ামী লীগের নেতারা যার যার এলাকায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছেন। বৃহস্পতিবার তারা ঢাকায় এলেই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো বলেন, “ ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর দাবিই এখন আমাদের একমাত্র দাবি হতে পারে।”
বৃহস্পতিবার পোনে বারোটায় শেখ হাসিনার সাথে সাক্ষাত শেষে তিনি আরো বলেন, “সুষ্ঠু নির্বাচন করার মতো এখনো কোন পরিবেশ সৃষ্টি হয়নি। তবে আওয়ামী লীগ যেহেতু জোটবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সেহেতু ১৪ দলের জোটভুক্ত শরীকদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
ওবায়দুল কাদের বলেন, “তামাশার নির্বাচন করে কোন লাভ নেই। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এর মধ্যেই আমরা ভোটার লিস্টের লেজে-গোবরে অবস্থা দেখে এসেছি। তিনটি ভোটার লিস্টের কোনটির আওতায় নির্বাচন হবে তা হাওয়া ভবন দ্বারা নির্ধারিত হচ্ছে।”
মনোনয়নের অসঙ্গতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৩০০ আসনে এখনো কোন আনুষ্ঠানিক চূড়ান্ত তালিকা প্রকাশ করিনি আমরা। ২ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদককে র্যাব গুলি করে হত্যা করে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত র্যাবের আচরণ সন্তোষজনক নয়।”
এছাড়া, বিটিভির ভূমিকা সম্পর্কে কাদের বলেন, “আজকের বিটিভি দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে বর্তমানে কোন তত্ত্বাবধায়ক সরকার নেই।”
