মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন নিতে তৈরি নির্বাচন কমিশন
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন নিতে এখন প্রস্তুত নির্বাচন কমিশন। আজ, কাল ও পরশু অর্থাৎ শনিবার ৩০ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।
২২শে জানুয়ারি অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা নেওয়া মনোনয়ন পত্রগুলোর মধ্যে ২৬৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিলকৃত মনোনয়নপত্রের প্রার্থীদের আবেদন জমা দেওয়ার প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোন আবেদনপত্র জমা পড়েনি।
বাতিল ঘোষিত প্রার্থীদের আবেদন নেওযা হবে বলে বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন কমিশন সচিবালয়ে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। কমিশন সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে এক প্লাটুন দাঙ্গা পুলিশ। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের পশ্চিম ব্লকের এক নং কক্ষে খোলা হয়েছে আপিল গ্রহণের জন্য একটি বিশেষ শাখা।
কমিশন সূত্রে জানা যায়, আপিলকারীদের নথিপত্র এ শাখায় গ্রহণের পর কাগজপত্র পাঠানো হবে কমিশনের আইন শাখায়। নির্বাচন কমিশনের আইন কর্মকর্তারা আপিলকারীদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তা শুনানির জন্য নির্ধারিত কর্মকর্তাদের কাছে পাঠাবেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া বুধবার রাত সাড়ে দশটায় সাংবাদিকদের জানান এসব আবেদনের শুনানি গ্রহণ করা হবে ৩১ ডিসেম্বর এবং ২রা জানুয়ারি। আর আবেদনকারীর সংখ্যা বেশি হলে ১ জানুয়ারি ঈদের দিনেও আপিলের শুনানি গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন এসব শুনানি শেষে বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। এরপর রিটার্নিং কর্মকর্তারা সেসব প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা সম্পর্কে ঘোষণা দেবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ তারিখ হল ৩রা জানুয়ারি।
প্রার্থী খুঁজে না পেলে প্রতীক বাতিল
নির্বাচন কমিশনের ভিন্ন একটি সূত্র জানায় কমিশন এর মধ্যেই যে ৭৬টি রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করেছে সেসব রাজনৈতিক দলের প্রার্থীদের নাম ও আসন নির্বাচন কমিশন সচিবালয়ে জানাতে বলা হয়েছে।
কমিশন সূত্র মতে যেসব রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ করা হয়েছে তাদের প্রার্থী খুঁজে পাওয়া না গেলে প্রতীক বাতিল করা হবে।
এদিকে ৩৪ বছর পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আবারও প্রদীপ মার্কা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।
