সিলেট-২ আসনে মনোনয়নের দাবিতে সুধা সদনের সামনে মুহিবুরের বিক্ষোভ
সিলেট-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে দুইশ কর্মী ও সমর্থক নিয়ে শেখ হাসিনার বাড়ি সুধা সদনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সাবেক বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান।
বৃহস্পতিবার দশটা চল্লিশ মিনিটে মুহিবুর রহমান তার কর্মী ও সমর্থকদের নিয়ে সুধাসদনে আসেন।
সিলেট-২ আসনে বর্তমান মনোনয়নপ্রাপ্ত প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল হক চৌধুরীর বদলে ওই আসনে মহাজোটের মনোনয়ন পাওয়াই মুহিবুর রহমানের মূল দাবি।
বিক্ষোভরত নেতা-কর্মীদের সঙ্গে এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফরিদ, ওসমানী নগর উপজেলার সভাপতি কবির আহমেদ, বালাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহমুদ হোসেন, যুগ্ম সম্পাদক এম এ মতিন, বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ এই তিন উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, এক প্রশ্নের উত্তরে মুহিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, “এই জনপদের লোকজনকে সন্ত্রাসী ইলিয়াস আলীর হাত থেকে রক্ষা করতে হলে মনোনয়ন সঠিক হতে হবে।”
বিএনপি প্রার্থী ইলিয়াস আলী ২০০১ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
