চট্টগ্রামে সিটি বাস ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
হয়রানি ও অতিরিক্ত জরিমানার প্রতিবাদে চট্টগ্রাম সিটি বাস-মিনিবাস-হিউম্যান হলার মালিক সমিতি বুধবার নগরীতে আধাবেলা ধর্মঘট পালন করেছে।
আকস্মিক এ ধর্মঘটে নগরীর অফিস-আদালতমুখী মানুষসহ হাজার হাজার গার্মেন্টস কর্মী দুর্ভোগের মুখে পড়ে।
পরে আলোচনা শেষে দুপুরে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
মালিক সমিতির লাইন সেক্রেটারি আবদুল হাকিম জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) এবং কয়েকজন ট্রাফিক সার্জেন্টের হয়রানির প্রতিবাদে সিটি বাস মালিকরা বুধবার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তাদের আহবানে সাড়া দিয়ে কেউ বাস, মিনিবাস ও হিউম্যান হলার রাস্তায় নামায়নি।
পরে দুপুরে মালিক সমিতি নেতাদের সঙ্গে ডিসি ট্রাফিকের প্রতিনিধি ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) অভিজিত চাকমা আলোচনায় বসেন। আলোচনা শেষে বাস মালিকদের অভিযোগ তদন্ত করে দেখা হবে এবং রশিদ ছাড়া কোন জরিমানা আদায় করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হলে বিকেল ৩ টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
আবদুল হাকিম অভিযোগ করেন, ট্রাফিক সার্জেন্টদের একটি দল নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী সিটি বাসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে অবৈধভাবে টাকা আদায় করে। কম্পিউটারাইজড জরিমানার কথা বলে সার্জেন্টদের অনেকে আবার অতিরিক্ত টাকা দাবি করেন। বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে এসব অভিযোগ ডিসি ট্রাফিককে জানালেও তিনি কোন সুরাহা না করায় বাস মালিকরা বুধবার ধমর্ঘটের ডাক দেয়।
হয়রানি বন্ধ না হলে ঈদের পর বাস মালিকরা আরও কঠোর আন্দোলনে নামবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিসি (ট্রাফিক) মোহাম্মদ আবু সুফিয়ান উল্টো বাস মালিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, “অধিকাংশ বাস মালিক রুট পারমিট ছাড়াই গাড়ি চালাচ্ছেন। তারা এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে গাড়ি চালাচ্ছেন। এ ব্যাপারে তাদের বারবার তাগাদা দেয়া হলেও তারা আমলে নেয়নি।”
রুট পারমিটের ব্যাপারে কড়াকড়ি আরোপ করায় বাস মালিকরা এসব অভিযোগ করছেন বলেও তিনি দাবি করেন।
