২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বর্তমান ভোটার তালিকায় নির্বাচন অবৈধ’

বর্তমান ভোটার তালিকার ভিত্তিতে কোনও নির্বাচন হলে তা অবৈধ হবে। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, সুষ্ঠু ভোটার তালিকা করার জন্য নির্ধারিত ৯০ দিনের জায়গায় আরও ২০ দিন পরে নির্বাচন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ল’ ইয়ার্স ফর ট্রান্সপারেন্সি আয়োজিত “নির্বাচন ২০০৭: গ্রহণযোগ্যতা ও জাতির প্রত্যাশা” শীর্ষক এ আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি হাবিবুর রহমান খান, অধ্যাপক মুজাফফর আহমেদ, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী, ব্যারিস্টার আসাদুজ্জামান, অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এ বি এম বায়েজীদ এ আলোচনায় সভাপতিত্ব করেন।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি নাঈমুদ্দিন আহমেদ বলেন, “আইন না মেনে ভোটার তালিকা করা হয়েছে। এই ভোটার তালিকার ভিত্তিতে যে নির্বাচন হবে তা হবে অবৈধ নির্বাচন। যে সংসদ হবে তা-ও হবে অবৈধ সংসদ। কেউ হাইকোর্টে এর বৈধতা চ্যালেঞ্জ করলে হাইকোর্ট সংসদের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিতে পারবে। ওই সংসদে যে আইন প্রণীত হবে তা হবে অবৈধ আইন।”

তিনি বলেন, “এ সংকট থেকে উত্তরণের জন্য ৯০ দিনের মধ্যে নির্বাচন না করে আগে ভোটার তালিকা সুষ্ঠুভাবে প্রণয়ন করে তারপর ২০ দিন বাড়িয়ে দিয়ে নির্বাচন করতে হবে।”

বিচারপতি হাবিবুর রহমান খান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বচানের জন্য ত্রুটিমুক্ত ভোটার তালিকা, সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারের ওপর জোর দিয়ে বলেন, “আমি এমন লোককে জানি যিনি পাঁচ কোটি টাকা দিয়ে মনোনয়নপত্র কিনেছেন। নির্বাচনে ব্যয় করেছেন আরও পাঁচ কোটি টাকা। কিন্তু পাঁচ বছরে এর বিপরীতে উঠিয়ে নিয়েছেন পাঁচ শত কোটি টাকা।”

আলোচনায় অধ্যাপক মুজাফফর আহমেদও গ্রহণযোগ্য নির্বাচনের প্রথম শর্ত হিসেবে গ্রহণযোগ্য ভোটার তালিকার কথা উল্লেখ করেন।

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, “একটি গোষ্ঠী নির্বাচনে সরকারের সঙ্গে ব্যবসা করেন। তারা নির্বাচনে যে টাকা ব্যয় করেন জয়ী হয়ে তা উঠানোর চেষ্টা করেন।”

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “প্রধান উপদেষ্টা একশ’ ভাগ নিরপেক্ষভাবে কাজ করছেন না। নির্বাচন কমিশনে এমন এক সদস্য আছেন যিনি একটি দলের মনোনয়ন চেয়েছিলেন।”

ল’ ইয়ার্স ফর ট্রান্সফারেন্সির সভাপতি এ বি এম বায়েজীদ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ১১ দফা প্রস্তাব তুলে ধরেন।