বাধ্যতামূলক অবসর আইন সংশোধনের প্রস্তাব সচিবদের
চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলেই বাধ্যতামূলক অবসরের আইনটি সংশোধন অথবা বাতিলের প্রস্তাব করেছেন সচিবরা।
একই সঙ্গে তারা সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করার প্রস্তাবটি কার্যকর করতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে অনুরোধ করেছেন।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সচিব কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “এটা ছিলো রুটিন বৈঠক। সরকারের জরুরি সেবা চালু রাখতে পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আমরা আলোচনা করেছি। সভায় সার, গ্যাস, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা হয়েছে।”
বৈঠক সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, একাধিক সচিব চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া সংক্রান্ত আইনের সংশোধন এবং অবসরের বয়স ৫৭ থেকে ৬০ বছর করা বিষয়ে আলোচনা করেন।
তারা বলেন, “২৫ বছর চাকরি করার পর একজন কর্মকর্তা নিজ উদ্যোগে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেন। কিন্তু এটা করতে গিয়ে অনেক সময় কর্মকর্তারা মন্ত্রীর রোষানলে পড়েন। অনেক ক্ষেত্রে মন্ত্রী তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ব্যবস্থা নেন।
“চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে ‘গণকর্মচারী অবসর আইন ১৯৭৪ এর ধারা ৯(২)’ এর বিধান বলে তাদের অবসর দেয়া সহজ হয়ে যায়। এই আইনের ভয়ে এসব অভিজ্ঞ কর্মকর্তা উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকেন।”
এ প্রসঙ্গে তারা বলেন, “ড. সা’দত হোসাইন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব থাকাবস্থায় অবসর গ্রহণের বয়স বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছিলেন। প্রস্তাবটি তখন বিবেচনা না করে প্রধানমন্ত্রীর কার্যালয়েই ফেলে রাখা হয়।”
বুধবারের সভায় সচিবরা সেই পুরনো প্রস্তাবটিই কার্যকর করার উদ্যোগ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে অনুরোধ জানানো হয়।
সূত্র জানায়, সচিবদের বক্তব্যের পর মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের জন্য এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কঠিন।”
সচিবরা পাল্টা যুক্তি দেন, “তত্ত্বাবধায়ক সরকার পদোন্নতি দিয়েছে।”
জবাবে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, “পদোন্নতি রুটিন কাজ। নীতিমালা পরিবর্তন না করে পদোন্নতি দেয়া হয়েছে।”
তবে তিনি বিষয়টি দেখবেন বলে সচিবদের আশ্বাস দিয়েছেন।
সূত্র আরও জানায়, সভায় উপস্থিত একাধিক সচিব কিছু কিছু আইন সংস্কারের প্রস্তাব করেছেন। এর মধ্যে রয়েছে ৩ পার্বত্য জেলা সম্পর্কিত বিষয়গুলো।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব সাংবাদিকদের বলেন, “গ্যাস, বিদ্যুৎ ও সার নিয়ে আলোচনা হয়েছে। সার পাচার রোধে বিডিআর ও কোস্ট গার্ডদের বিশেষ করে টেকনাফ সীমান্তে বেশি সজাগ থাকতে বলা হয়েছে। আসন্ন ইরি-বোরো মৌসুমে সেচ কাজে নির্বিঘ্ন রাখা ও বিদ্যুতের লোড শেডিং-এর বিষয়টি কীভাবে সমন্বয় করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।”
সভায় স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
অর্থ সচিব সিদ্দিকুর রহমান খান, দেশের বর্তমান অর্থিক পরিস্থিতির বর্ণনা করে বলেন, “বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক অবস্থা ভালো। তবে সরকারের রাজস্ব আয় কিছুটা কম হয়েছে।”
